ওয়েব ডেস্ক : ১১ অগস্ট, শহিদ ক্ষুদিরাম বসুর (Khudiram Bose) আত্মবলিদানের দিন। মঙ্গলবার সেই ঐতিহাসিক দিনে কেশপুরের (Keshpur) মোহবনিতে ক্ষুদিরামের ভিটেতে পৌঁছে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিকূল আবহাওয়ার কারণে সকালে তাঁর হেলিকপ্টার কোলাঘাটে জরুরি অবতরণ করলেও পরে সড়কপথে কেশপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। ক্ষুদিরামের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে সেখান থেকেই একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ক্ষুদিরামের (Khudiram Bose) পৈতৃক ভিটেকে ঘিরে তৈরি হবে নতুন সংগ্রহশালা ও গ্যালারি। বিপ্লবীর জীবন, স্বাধীনতা সংগ্রাম এবং তাঁর আত্মত্যাগের ইতিহাস সেখানে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য লেজার শোয়ের ব্যবস্থাও করা হবে। শুধু পর্যটন বা দর্শনের জায়গা হিসেবে নয়, ক্ষুদিরাম ও পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলন নিয়ে গবেষণা করতে আগ্রহীদের জন্য থাকার ব্যবস্থাও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও খবর : আবহাওয়ার আচমকা বদল, কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ
পালাবদলের পর এই প্রথম ১১ অগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনকে ঘিরে তাঁর ভিটেতে গিয়ে এমন একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করা হল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সিলেবাসের ৪ লাইনে আটকে রাখা হয়েছে ক্ষুদিরামকে। তা করলে হবে না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব স্তরেই তাঁর সংগ্রামের ইতিহাস পড়ুয়াদের সামনে তুলে ধরার জন্য শিক্ষাদফতরের কাছে আবেদন জানান তিনি।







