KolkataTV

মালদহ জেলা পরিষদে অনাস্থা, তৃণমূলের অন্দরে বিদ্রোহ! কংগ্রেসের হাত ধরে বদলের ইঙ্গিত

মালদহ: মালদহ জেলা পরিষদে (Maldah Zilla Parishad) তৃণমূলের (TMC) অন্দরের কোন্দল এ বার প্রকাশ্যে। সভাধিপতি এবং সহ-সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন ২৪ জন সদস্য। তাঁদের মধ্যে পাঁচ জন কংগ্রেসের। বাকি ১৯ জন তৃণমূলেরই সদস্য বলে জানা গিয়েছে। ফলে জেলা পরিষদে সংখ্যার অঙ্কে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।

৪৩ আসনের জেলা পরিষদে সোমবার অনাস্থা প্রস্তাব নিয়ে তলবি সভা হওয়ার কথা ছিল। তার আগেই অবশ্য নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। গত শুক্রবার সভাধিপতি এবং সহ-সভাধিপতি তাঁদের পদত্যাগপত্র ডিভিশনাল কমিশনারের কাছে পাঠিয়ে দেন। শুধু জেলা পরিষদের পদ নয়, তৃণমূলের দলীয় পদ থেকেও তাঁরা ইস্তফা দিয়েছেন বলে খবর।

আরও খবর : কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন, ভোরে ছড়াল আতঙ্ক!

সোমবারের তলবি সভায় ২৪ সদস্য অনাস্থার পক্ষে মত দেন। এর ফলে তৃণমূলের জেলা পরিষদ পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। সভাধিপতি ও সহ-সভাধিপতির নতুন করে মনোনয়ন নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একাংশের সমীকরণ তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের অনুমান।

কংগ্রেস নেত্রী মৌসুম বেনজীর নূর বলেন, জেলা পরিষদে দলের পাঁচ সদস্য অনাস্থা প্রস্তাবকে সমর্থন করেছেন। তাঁর অভিযোগ, জেলা পরিষদে দুর্নীতি হচ্ছিল। তৃণমূলের একাংশ যখন অনাস্থা আনছে, তখন কংগ্রেস সেই প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়।

জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষের বক্তব্য, সভাধিপতি ও সহ-সভাধিপতির পদত্যাগের খবর তাঁদের আগে জানানো হয়নি। তলবি সভার দিন সকালে বিষয়টি জানতে পারেন তাঁরা। পরে ২৪ জন সদস্য একসঙ্গে অনাস্থার পক্ষে মত দেন এবং তা রেজুলেশনে নথিভুক্ত করা হয়।

এখন নজর নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনের দিকে। শেষ পর্যন্ত মালদহ জেলা পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে থাকে, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

Exit mobile version