KolkataTV

বর্ষায় নৌকাই ভরসা! নদের দুপারের মানুষের চরম ভোগান্তি

ওয়েব ডেস্ক : বর্ষা এলেই বাঁকুড়ার (Bankura) ওন্দা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের ভরসা হয়ে ওঠে নৌকা। কারণ, দ্বারকেশ্বর নদে জল বাড়লেই ভেঙে যায় অস্থায়ী রাস্তা। ফলে মাঝডিহা, নিকুঞ্জপুর, ভেটিয়াড়া, কুচিশোল, গামিদ্যা-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হয়। বছরের পর বছর সেতুর দাবি উঠলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

নদীর একপারে থাকা গ্রামগুলির মানুষের ওন্দা ব্লক অফিস, থানা, বাজার, হাসপাতাল এবং অন্যান্য সরকারি পরিষেবায় পৌঁছতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। একইভাবে ওন্দা ২ নম্বর অঞ্চলের বহু গ্রামের সঙ্গেও যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় বর্ষার সময়।

আরও খবর : বীরভূমের পর মালদহে টাকার পাহাড়! ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় আড়াই কোটি নগদ, গ্রেফতার ১

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, দ্বারকেশ্বর নদের উপর চাবড়াগামিদ্যা সেতু (Bridge) নির্মাণ করা হোক। তাঁদের দাবি, সেতু তৈরি হলে শুধু যাতায়াতই সহজ হবে না, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে।

স্থানীয়দের বক্তব্য, অতীতে বিভিন্ন সময়ে সেতু নির্মাণের আশ্বাস মিললেও এখনও পর্যন্ত প্রকল্প বাস্তবায়িত হয়নি। তাই নতুন সরকারের কাছে তাঁদের একটাই প্রত্যাশা দ্রুত সেতু নির্মাণ করে বর্ষাকালের এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

Exit mobile version