KolkataTV

সন্দেশখালিতে এবার পুকুরে অস্ত্র! ৩ আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার তৃণমূল সদস্য

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার কোনও বাড়ি বা ঘর থেকে নয়, একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৩২ রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমীর সর্দারকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির (Sandeshkhali) কোড়াকাটি এলাকায় সমীর সর্দারের পুকুরে অস্ত্র মজুত থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। বসিরহাট জেলা পুলিশের এসওজি এবং সন্দেশখালি থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালায়। সিভিল ডিফেন্সের কর্মীদের পুকুরে নামিয়ে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ।

আরও খবর : চিনির দাম আকাশছোঁয়া! উৎসবের মুখে বাতাশা-মিছরি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

স্থানীয় সূত্রে দাবি, সমীর সর্দার একসময় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় তাঁকে প্রভাবশালী নেতা হিসেবেও চেনেন অনেকে। তাঁর পুকুর থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে। কীভাবে ওই অস্ত্র পুকুরে এল, কতদিন ধরে সেখানে রাখা হয়েছিল এবং এর নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অস্ত্রগুলির উৎস জানার পাশাপাশি সেগুলি কী উদ্দেশ্যে ব্যবহার করা হত, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। সমীর সর্দারের সঙ্গে অস্ত্র উদ্ধারের ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না, তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হবে। গোটা ঘটনায় সন্দেশখালিতে ফের রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

Exit mobile version