HomeBig newsবারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের
Baruipur

বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে

ওয়েব ডেস্ক : বারুইপুরে (Baruipur) ১১ বছরের এক নাবালিকার মৃত্যুকে (Death) ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। ধর্ষণের পর খুনের অভিযোগে অভিযুক্ত এক যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি (২৬)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। রবিবার সকালে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, কয়েকজন যুবক তাকে অপহরণের পর ধর্ষণ করে খুন করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

আরও খবর : নিম্নচাপের জেরে ভিজছে কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নাবালিকার মৃত্যুর প্রতিবাদে রবিবার কূলপি রোডে মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে পথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিশের (Police) গাড়িতে ভাঙচুর চালানো হয়। এছাড়া সূর্যপুর পুলিশ ক্যাম্পেও হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের একাংশের দাবি, পুলিশের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সময়মতো পদক্ষেপ করা হলে নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হতে পারত বলে তাঁদের অভিযোগ। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার মৃত্যুর পাশাপাশি গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনাতেও পৃথক তদন্ত শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News