KolkataTV

আজ থেকেই জোর বৃষ্টি, রবিবার পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দুই বঙ্গ!

কলকাতা: সপ্তাহের শেষেই বদলে গেল বাংলার আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিস্তীর্ণ অংশে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী তিন দিন বৃষ্টির প্রভাব থাকবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও খবর : অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি নিয়ে বড় আপডেট, ৩ হাজার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? কী জানালেন মুখ্যমন্ত্রী?

কলকাতাতেও শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে শহর। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের পাহাড় ও ডুয়ার্স এলাকায় টানা বৃষ্টি চলতে পারে। তবে নতুন সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং উপকূলবর্তী জেলাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রয়োজন ছাড়া বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পাশাপাশি আবহাওয়া দফতরের সর্বশেষ সতর্কতার উপর নজর রাখার আবেদনও করা হয়েছে

Exit mobile version