KolkataTV

আজই কি মিলবে ভ্যাপসা গরম থেকে স্বস্তি? উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল রাজ্যবাসী (Summer)। এরই মাঝে বড় আপডেট (Weather Update) দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে (Rain Forecast)। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ১৮ থেকে ২০ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়ার চিত্র দেখা যাবে। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলবে না।

আরও পড়ুন: পালা বদলের পরেও আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ

বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এর জেরে তিস্তা, তোর্সা-সহ পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

আবহাওয়াবিদদের আশঙ্কা, টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকিও বাড়তে পারে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ১৮ ও ১৯ জুন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তবে আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের বৃষ্টি মূলত স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের প্রভাবে হবে। ফলে সব এলাকায় সমান বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

এদিকে ২০ জুন পর্যন্ত উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা গাছের নীচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি মৎস্যজীবীদেরও নদী ও বড় জলাশয়ে যাওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version