ওয়েব ডেস্ক : পুজোর আগে ফের বৃষ্টির (Rain) চোখরাঙানি বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বুধবারও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট থাকবে। নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগোলেও এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না।
বর্তমানে পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে। এর জেরে সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও খবর : সমুদ্রের জল বাড়ছে, কলকাতা-মুম্বইয়ে বিপদের মুখে ১.৪ কোটি মানুষ!
বুধবার থেকে কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টির (Rain) তীব্রতা কিছুটা কমতে পারে। তবে পুরোপুরি বৃষ্টি থামার সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তবে দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরলেও উত্তরবঙ্গে বাড়ছে চিন্তা। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বাড়বে বৃষ্টির দাপট। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
