KolkataTV

কলকাতায় ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচ, কীভাবে প্রস্তুত হচ্ছে ফেডারেশন?

ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলের ইতিহাসে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। প্রথমবারের জন্য ভারতের মাটিতে খেলতে নামছে ব্রাজিল (Brazil) ফুটবল দল। অক্টোবর মাসে কলকাতার (Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলা এই বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।

ব্রাজিলের (Brazil) মতো বিশ্বখ্যাত দলের ম্যাচ আয়োজন যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার। এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধাক্কা, চোটের কারণে প্রস্তুতি ম্যাচে নেই শুভমন গিল

সূত্রের খবর, ম্যাচের জন্য ব্রাজিল (Brazil) ফুটবল ফেডারেশন প্রায় ৯০ জনের একটি প্রতিনিধি দল নিয়ে ভারতে আসার পরিকল্পনা করেছে। এর মধ্যে থাকতে পারেন প্রায় ৩২ জন ফুটবলার। এছাড়াও থাকবেন কোচিং স্টাফ, টেকনিক্যাল টিম, ভিডিও অ্যানালিস্ট, চিকিৎসক এবং ফেডারেশনের আধিকারিকরা। তবে ভিনিসিয়াস জুনিয়রের মতো বড় তারকারা খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই সফরের পর কলকাতায় পা রাখবে সেলেকাও। ফলে যুবভারতীর এই ম্যাচ ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে প্রবল উন্মাদনা।

Exit mobile version