KolkataTV

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় পুরুলিয়ায় পথ অবরোধ, রাস্তায় মহিলারা!

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana ) টাকা না পাওয়ার অভিযোগে পুরুলিয়ায় (Purulia) পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। শুক্রবার সকাল থেকেই জেলার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন তাঁরা। অবরোধের জেরে বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় ব্যাপক যানজট।

পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের পুরুলিয়া (Purulia) রেনি রোডে সকাল থেকেই রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় জাতীয় সড়কের দু’পাশে আটকে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা।

আরও খবর : বাড়িতে একা থাকার সুযোগে গৃহবধূকে কুপিয়ে খুন, বসিরহাটে চাঞ্চল্য

অন্যদিকে, পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে আন্দোলনে সামিল হন বেশ কয়েকজন মহিলা। তাঁদের দাবি, কেউ দু’মাস আগে, আবার কেউ তিন মাস আগে অনলাইন বা অফলাইনে প্রকল্পের জন্য আবেদন করেছেন। যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, সমস্যার কথা পুরসভা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে একাধিকবার জানানো হলেও কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামতে হয়েছে তাঁদের। দ্রুত সমস্যার সমাধান করে প্রাপ্য টাকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন মহিলারা।

Exit mobile version