কলকাতা: সোমবার রাত কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে জেলায় জেলায়। আর এই দুর্যোগের ধাক্কায় বদলে গিয়েছে বাংলার আবহাওয়া (Weather Forecast)। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা, মিলেছে গরম থেকে সাময়িক স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাতের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমেছে। মঙ্গলবার দিনের তাপমাত্রাও প্রায় সাড়ে ৩ ডিগ্রি কম ছিল। ফলে কয়েক দিনের তীব্র গরম থেকে খানিকটা রেহাই পেয়েছেন রাজ্যবাসী।
এখন প্রশ্ন হচ্ছে, আজ কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) কার্যত নেই। কলকাতা (Kolkata Weather) ও দক্ষিণ ২৪ পরগনার আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দুপুরের দিকে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। অন্যদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন: বিশেষ EMU ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ার আবার পরিবর্তন হতে পারে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ওই দিন বৃষ্টি হতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকবে। এদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার ও রবিবার, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হতে পারে।
এই সপ্তাহে উত্তরবঙ্গেও (North Bengal Weather) ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
দেখুন আরও খবর:







