ওয়েবডেস্ক- মালদহে (Malda) রাজনীতিতে একযুগের অবসান। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, মালদহের দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু (veteran Congress leader Abu Hashem Khan Chowdhury) । বয়স হয়েছিল ৮৯ বছর। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নির্বাচনের ঠিক আগেই এই প্রবীণ রাজনীতিদের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। শহরেই রয়েছেন তাঁর স্ত্রী। শেষ সময়ে হাসপাতালেই ছিলেন বলে জানা গেছে। পুত্র কংগ্রেস সাংসদ ঈশা খান রাতেই কলকাতা থেকে মালদহে আসেন। পৌঁছেই বাবার মৃত্যু সংবাদ পান। বৃহস্পতিবার মৃতদেহ মালদহ নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাতেই হাসপাতালে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ দলের অন্যান্য নেতা-নেত্রীরা।
আরও পড়ুন- সকাল থেকেই দুর্যোগ, দিনভর চলবে বৃষ্টি থেকে বজ্রপাত, বইবে দমকা হাওয়া
আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। একজন প্রবীণ রাজনীতিবিদ। মালদা জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতির পদের দায়িত্বও সামলেছেন। একাধিক বার সাংসদ ও বিধায়ক পদে ছিলেন। ইউপিএ আমলে কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরী এখন মালদা জেলা কংগ্রেসের সভাপতি এবং দক্ষিণ মালদার সাংসদ।
১৯৩৮ সালের ১২ জানুয়ারি জন্ম হয় ডালু খান চৌধুরীর। তাঁর রাজনীতিতে হাতেখড়ি দাদা গণি খান চৌধুরীর কাছে। দাদার প্রয়াণের পর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। মালদহে কংগ্রেসের সংগঠনকে আগলে রেখেছিলেন তিনিই। ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত কালিয়াচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এরপর ২০০৯ সাল থেকে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদের দায়িত্ব সামলেছেন ডালুবাবু। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘসময় ধরে রাজনীতি থেকে দূরে ছিলেন।







