দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে ভাঙড়ের (Bhangar) রাজনীতিতে বড়সড় মোড়। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছেড়ে আইএসএফ-এ (ISF) যোগ দিতে চলেছেন আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই তিনি আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগ দেবেন বলে নিজেই জানিয়েছেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ গাজীপুরের বাড়ি থেকে ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
এরপর থেকেই জল্পনা চলছিল যে তিনি আইএসএফের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে দলে যোগ দিতে পারেন, এবার সেই জল্পনাই বাস্তবে পরিণত হতে চলেছে। দল ছাড়ার সিদ্ধান্তের পিছনে গভীর অভিমান ও ক্ষোভের কথা জানিয়েছেন আরাবুল ইসলাম। তিনি স্মৃতিচারণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের দিনগুলিতে তিনি সক্রিয়ভাবে পাশে ছিলেন। আরাবুল আরও জানান, একাধিকবার মামলা, বহিষ্কার, সব মিলিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: তথ্য দিচ্ছে না পুলিশ! মনোনয়ন জমা দেওয়ার আগে হাইকোর্টে শুভেন্দু
উল্লেখ্য, আরাবুল ইসলামের রাজনৈতিক জীবন বরাবরই বিতর্কে ঘেরা। একসময় কলেজের এক শিক্ষিকার উপর হামলার ঘটনায় তিনি দল থেকে বহিষ্কৃত হন। পরে জেল থেকে ফিরে আবার ভাঙড়ে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন। তবে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনের অশান্তির ঘটনায় জেলে যাওয়ার পর থেকেই দলের অন্দরে তাঁর গুরুত্ব কমতে শুরু করে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভাঙড়ের আরেক তৃণমূল নেতা শওকত মোল্লাকে দল বাড়তি গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন আরাবুল ইসলাম। সেই অসন্তোষই তাঁর দলত্যাগের অন্যতম কারণ হতে পারে।
দেখুন আরও খবর:






