কলকাতা: তৃণমূল ইতিমধ্যেই রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকায় রাজীব কুমার, কোয়েল মল্লিক থেকে বাবুল সুপ্রিয় স্থান পেয়েছে। এবার বিজেপি রাজ্যসভার প্রার্থীদের নাম প্রকাশ করল। তালিকায় রয়েছে চমকের পর চমক।মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ছ’টি রাজ্যের মোট ন’টি রাজ্যসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাজসভা নির্বাচনে আদি বিজেপিকেই গুরুত্ব দিলেন নেতৃত্ব। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী (BJP Rajya Sabha Candidate) হচ্ছেন রাহুল সিনহার (Rahul Sinha) ।তালিকায় নাম রয়েছে নিতিন নবীনেরও।
রাহুল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পরে জাতীয় সম্পাদক হয়েছিলেন। গত কয়েক বছর তিনি বিজেপির কোনও পদে ছিলেন না। তাঁকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে যখন অনুপম হাজরাকে ওই পদ দেওয়া হয়েছিল। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দলে তথা পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনে রাহুলের গুরুত্ব বাড়ে।
আরও পড়ুন: ‘বাংলার মাটিতে বাবরি তৈরির ষড়যন্ত্র রুখবে বিজেপিই’, হিন্দুদের আশ্বস্ত করলেন শাহ
এবার রাজ্যসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হল রাহুল সিনহার। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পাঁচটি আসনে বিধানসভার যা বিন্যাস, তাতে তৃণমূলের চারটি এবং বিজেপির একটি আসনে নির্বাচিত হয়ে রাজ্যসভায় পৌঁছোনোর কথা। তৃণমূল চার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপিও একজন প্রার্থীর নামই জানাল। ফলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল। এর আগে তিনি বেশ কয়েক বার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কোথাও জয়ী হননি। বড় কোনও অঘটন না-হলে এ বারই প্রথম বার জনপ্রতিনিধি হতে চলেছেন বিজেপির রাহুল।
নিতিনকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী করা হল। বিহারের দু’টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দ্বিতীয় জনের নাম শিবেশ কুমার। এ ছাড়া অসম এবং ওড়িশার জন্য দু’জন, হরিয়ানা এবং ছত্তীসগঢ়ের জন্য এক জন করে রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। অসম থেকে প্রার্থী করা হয়েছে তেরশ গোয়ালা এবং যোগেন মোহনকে। এ ছাড়া ছত্তীসগঢ় থেকে লক্ষ্মী বর্মা, হরিয়ানায় সঞ্জয় ভাটিয়া, ওড়িশায় মনমোহন সামল ও সুজিত কুমার বিজেপির রাজ্যসভার প্রার্থী হয়েছেন।







