ওয়েব ডেস্ক: ডিজিটাল লেনদেনে (Digital Transaction) নিরাপত্তা বাড়াতে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI)। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (Two Factor Authentication বা 2FA) বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ, শুধু পিন বা পাসওয়ার্ড দিলেই আর হবে না। অতিরিক্ত একটি যাচাইকরণ ধাপ পেরোতে হবে গ্রাহকদের।
আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, এই অতিরিক্ত সুরক্ষা হতে পারে ওটিপি (OTP), বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি), হার্ডওয়্যার বা সফটওয়্যার টোকেনের মাধ্যমে। অর্থাৎ, প্রতিটি লেনদেনে অন্তত দুটি আলাদা স্তরের যাচাই প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:কেন অভিশপ্ত লাবুবু? ভয়ংকর এই পুতুলের আসল কাহিনি জানেন?
কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এই ব্যবস্থার অন্তত একটি অংশ ‘ডায়নামিক’ হতে হবে, যা প্রতি লেনদেনের ক্ষেত্রে নতুন করে তৈরি হবে, যেমন ওটিপি। এর ফলে প্রতারণা বা ফিশিংয়ের ঝুঁকি অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে।
এ ক্ষেত্রে ব্যাঙ্ক, কার্ড নেটওয়ার্ক বা ফিনটেক সংস্থাগুলি গ্রাহকদের একাধিক বিকল্প দিতে পারবে কোন পদ্ধতিতে তারা দ্বিতীয় স্তরের যাচাইকরণ করবেন, তা বেছে নেওয়ার সুযোগ থাকবে ব্যবহারকারীদের।
আরবিআই স্পষ্ট জানিয়েছে, কোনও সংস্থা যদি এই নিয়ম না মেনে লেনদেন করায় এবং তাতে গ্রাহক প্রতারিত হন, তবে দায় নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকেই। পাশাপাশি, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও আগামী ১ অক্টোবরের মধ্যে একই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত এক দশকে ইউপিআই ও মোবাইল ওয়ালেটের দৌলতে দেশে ডিজিটাল পেমেন্টের পরিমাণ বহুগুণ বেড়েছে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণার ঘটনাও। সেই ঝুঁকি কমাতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।







