ওয়েব ডেস্ক: শপথগ্রহণের আগের দিনই বড় রাজনৈতিক বার্তা দিলেন এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। মঙ্গলবার তিনি ঘোষণা করলেন, অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) একমাত্র রাজধানী হবে অমরাবতী (Amaravati)। দীর্ঘদিনের তিন রাজধানী বিতর্কে ইতি টানতে চেয়ে তেলুগু দেশম পার্টি (টিডিপি-TDP) প্রধান স্পষ্ট জানিয়ে দেন, “রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আর কোনও পরীক্ষানিরীক্ষা নয়।”
বিজয়ওয়াড়ায় এনডিএ-র পরিষদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইডু বলেন, “অমরাবতীই থাকবে স্থায়ী রাজধানী। তিনটি রাজধানীর ধারণা আমরা মানি না।” একইসঙ্গে তিনি জানান, বিশাখাপত্তনমকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে, যাতে রাজ্যের আর্থিক উন্নয়ন আরও গতি পায়।
আরও পড়ুন: সংসদের দুই কক্ষেই খারিজ জ্ঞানেশের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব
এদিন সর্বসম্মতিক্রমে নাইডুকে জোটের দলনেতা নির্বাচিত করা হয়। তাঁর নাম প্রস্তাব করেন জনসেনা প্রধান পবন কল্যাণ। এরপরই নিজের অবস্থান স্পষ্ট করে নাইডু বলেন, তাঁর সরকার “গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, প্রতিহিংসায় নয়”।
Amaravati notified as capital of Andhra Pradesh, says CM N Chandrababu Naidu, sharing the gazette notification. pic.twitter.com/NJSnMxMO6H
— ANI (@ANI) April 7, 2026
উল্লেখ্য, অন্ধ্র প্রদেশ পুনর্গঠন আইনের অধীনে গত ১০ বছর ধরে হায়দরাবাদ ছিল তেলঙ্গানা ও অন্ধ্র, দুই রাজ্যেরই যৌথ রাজধানী। তবে সম্প্রতি সেই সময়সীমা শেষ হওয়ায় হায়দরাবাদ এখন কেবল তেলঙ্গানার রাজধানী। ফলে নতুন রাজধানী নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।
আগের জগনমোহন রেড্ডি সরকার বিশাখাপত্তনম (কার্যনির্বাহী), অমরাবতী (প্রশাসনিক) এবং কুর্নুল (বিচারবিভাগীয়), এই তিন রাজধানীর প্রস্তাব দিয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে আইনি লড়াইও গড়ায় আদালত পর্যন্ত।
সাম্প্রতিক নির্বাচনে জগন সরকারের পতন ঘটিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে টিডিপি। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। তার আগেই রাজধানী নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে প্রশাসনিক দিশা পরিষ্কার করলেন তিনি।







