ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ‘সুপার ৮’-এর প্রথম ম্যাচে প্রোটিয়া দলের কাছে ৭৬ রানের হারের ধাক্কা ভারতকে (India Cricket Team) সেমির দৌড় থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। পয়েন্টের ঝুলি তো শূন্যই, সেই সঙ্গে নেট রান রেটও গিয়ে ঠেকেছে তলানিতে। তবে অঙ্ক বলছে, এখান থেকেই বিশ্বকাপের সেমিফাইনালের (Semi Final) জন্য কোয়ালিফাই করতে পারে ভারত। সেই রাস্তাটা কঠিন হলেও অসম্ভব নয়। আর ভারতীয় দল তো বহুবার অসম্ভবকেও সম্ভব করেছে। সেই কারণে এই অঙ্কের হিসেব মিলিয়ে নতুনভাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের ধাক্কায় ‘গ্রুপ ১’-এর পয়েন্ট টেবিলে ভারত নেমে গিয়েছে তিন নম্বরে। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার নেট রান রেটও নেমে এসেছে মাইনাস ৩.৮০০-তে। গ্রুপের বাকিদের কথা বললে, পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়েকে বিরাট রানে হারিয়ে ক্যারিবিয়ানদের নেট রান রেট প্লাস ৫.৩৫০। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়া দলের নেট রান রেট প্লাস ৩.৮০০। দুই দলই আপাতত ২ পয়েন্ট করে পেয়েছে।
আরও পড়ুন: বাবা আক্রান্ত ক্যানসারে, তড়িঘড়ি বাড়ি ফিরলেন ক্রিকেটার, ভারতীয় দলে বাড়ল উদ্বেগ
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার চেন্নাইয়ে ভারতীয় ক্রিকেট দল ‘মাস্ট উইন ম্যাচ’ খেলতে নামবে জিম্বাবোয়ের (India Vs Zimbabwe) বিরুদ্ধে। তবে এই ম্যাচে শুধুমাত্র জয় পেলেই চলবে না, বড় ব্যবধানেও জিততে হবে ভারতকে। কারণ সেমিফাইনালে কোয়ালিফাই করতে টিম ইন্ডিয়াকে নেট রান রেট বাড়াতেই হবে। সেক্ষেত্রে বড় রানে জয় কিংবা কম ওভারে রান তাড়া করে জয় পেতেই হবে সূর্যদের।
এখন জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত যদি প্রথমে ব্যাট করে, সেক্ষেত্রে বড় রানের টার্গেট দিতে হবে এবং ম্যাচটি ১০০ বা তার বেশি রানের ব্যবধানে জিততে হবে। আর যদি ভারত রান তাড়া করে তাহলে, উদাহরণস্বরূপ ১৪১ রানের টার্গেট ভারতকে ১০ ওভারের মধ্যেই করে ফেলতে হবে। সেই টার্গেট ১৮১ রানের হলে, তা করতে হবে ১৩ ওভারের মধ্যেই। এমনটা হলে ভারতকে পরের ম্যাচে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমির রাস্তা পরিষ্কার হবে।
দেখুন আরও খবর:







