ওয়েব ডেস্ক: শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) নির্বাচনের প্রচারের (Election Campaign) মাঝেই আচমকা ‘জয় বাংলা’ স্লোগান। আর সেই মুহূর্তেই বিজেপি প্রার্থী অপ্রত্যাশিত প্রতিক্রিয়া ঘিরে শুরু বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, এক তৃণমূল সমর্থক স্লোগান দিতে থাকলে তাঁকে জড়িয়ে ধরে গালে চুমু খাওয়ার চেষ্টা করছেন তিনি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
বৃহস্পতিবার শিবপুরে ৯ নম্বর ওয়ার্ডের ডব্লু রোড এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে ঘুরে ঘুরে প্রচার করছিলেন রুদ্রনীল। অভিযোগ, সেই সময় তাঁকে দেখে এক তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এতেই ক্ষুব্ধ হন রুদ্রনীল এবং তাঁর দলের নেতা-কর্মীরা। রুদ্রনীল তাঁকে জয় ভারত স্লোগান দিতে বলেন। স্থানীয় সূত্রে খবর, এই বিষয়টি নিয়েই বচসা বাধে। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ছোট্ট গলিতে এক দিকে ঝান্ডা হাতে স্লোগান দিয়ে যাচ্ছেন রুদ্রনীল এবং তাঁর সঙ্গীরা। অন্য দিকে আর এক যুবক একাই হাত তুলে স্লোগান দিচ্ছেন একজন। কিছু ক্ষণ পরেই ওই যুবককে জড়িয়ে ধরেন রুদ্রনীল। রুদ্রনীল নিজেই বলেছেন, ‘এলাকার এক ভাই জয় বাংলা বলছিল। আমি ওকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি।’
আরও পড়ুন: ‘সৌজন্যের সীমা রাখবেন’, পানিহাটির বিজেপি প্রার্থীকে বার্তা মমতার







