HomeBig newsভোটার তালিকায় বড়সড় কাটছাঁট, বাদ ৯০ লক্ষের বেশি নাম
Election Commission

ভোটার তালিকায় বড়সড় কাটছাঁট, বাদ ৯০ লক্ষের বেশি নাম

বিপুল সংখ্যক নাম ছাঁটাই ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক

কলকাতা: রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে অবশেষে পূর্ণাঙ্গ ছবি সামনে আনল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার গভীর রাতে প্রকাশিত জেলা-ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম ছাঁটাই ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিশেষ সংশোধন প্রক্রিয়ার আওতায় মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছিল। তাঁদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, অন্যদিকে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকাতেই ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছিল। ফলে সব মিলিয়ে বাদ পড়া নামের সংখ্যা ৯০ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল।

আরও পড়ুন: কলকাতায় তুমুল ঝড়বৃষ্টি, লাগাতার বজ্রপাত, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

জেলা অনুযায়ী পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬) এবং মালদহ (২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫)। এই তিন জেলাতেই ছাঁটাইয়ের মাত্রা তুলনামূলক বেশি।

তবে এখনও প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলেই জানিয়েছে কমিশন। বিবেচনাধীন তালিকার ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য প্রকাশিত হলেও, প্রায় ২২ হাজারের বেশি ক্ষেত্রে ই-স্বাক্ষর বাকি রয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে চূড়ান্ত সংখ্যায় কিছু পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, সংশোধনের আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। একাধিক ধাপের ছাঁটাই ও পুনর্বিবেচনার পর এই সংখ্যায় বড়সড় ওঠানামা হয়েছে। নির্বাচনের মুখে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News