নন্দীগ্রাম: আজ নন্দীগ্রাম দিবস (Nandigram Diwas)। সিঙ্গুরের ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় ১৪ মার্চ। ২০০৭ সালের এই দিনেই রক্তের লেলিহান স্রোত বয়েছিল নন্দীগ্রামের বুকে। তৎকালীন বাম সরকার ইন্ডাস্ট্রি তৈরির জন্য ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীকে জমি দেওয়ার পরিকল্পনা করেছিল। প্রায় ১০ হাজার একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হলে শুরু হয় তীব্র আন্দোলন। কৃষক আন্দোলন দমনে পাঠানো হয় চার হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ।
১৪ মার্চ পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে গুলিতে মৃত্যু হয় ১৪ জন আন্দোলনকারীর। সেই ঘটনার স্মরণে প্রতি বছরই দিনটি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল।
আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মমতার
শনিবার সকাল ১০টা নাগাদ নন্দীগ্রামের গোকুলনগর শহিদ বেদীতে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহিদদের স্মরণে নীরবতা পালন করেন তিনি। শুভেন্দু বলেন, “আজ প্রধানমন্ত্রী আসছেন, সেখানে পৌঁছতে হবে। কিন্তু নন্দীগ্রামের এই দিন আমরা কখনও ভুলতে পারি না।” শ্রদ্ধা জানিয়ে সেখান থেকেই ব্রিগেডের উদ্দেশে রওনা দেন তিনি।







