ওয়েব ডেস্ক : মৌলিক পরিকাঠামোর অভাবকে সামনে রেখে ভোট বয়কটের পথে হাঁটল পুরুলিয়ার (Purulia) একটি গ্রাম। রাস্তা, পানীয় জল, সেতু ও সেচ ব্যবস্থার বেহাল দশা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি (Pusti) গ্রাম পঞ্চায়েতের ভুসুডি গ্রামের বাসিন্দারা। বিজেপি (BJP) সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর গ্রাম পঞ্চায়েতেই এমন অনুন্নয়নের (Underdevelopment) বিষয়টি সামনে এসেছে।
অভিযোগ, আজও ওই গ্রামে পাকা রাস্তা তৈরি হয়নি। কাঁচা পথই যাতায়াতের একমাত্র ভরসা। গ্রীষ্মকালে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়, কুয়োর জল শুকিয়ে যায়, নলকূপ থেকেও নিয়মিত জল পাওয়া যায় না। বারবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গ্রামজুড়ে দেওয়াল লেখায়। বাংলার পাশাপাশি ইংরেজিতেও লেখা হয়েছে প্রতিবাদের বার্তা, উন্নয়ন না হলে ভোট নয়। গ্রামবাসীদের সাফ কথা, বহু প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কাজ হয়নি, তাই এবারে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গ্রামের দেওয়ালে বাংলায় লেখা হয়েছে “যেখানে নাই উন্নয়ন, সেখানে নাই ভোটগ্রহণ। ভোট আসে ভোট যায়, আমাদের বঞ্চনা থেকেই যায়, তাই এবার ভোট নাই।” আবার ইংরেজিতে লেখা হয়েছে, “নো ডেভেলপমেন্ট, নো ভোট, নো রোড, নো ভোট, নো ব্রিজ, নো ভোট।”
আরও খবর : গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
স্থানীয়দের বক্তব্য, ২০২২ সাল থেকে পঞ্চায়েতের কাছে একাধিকবার সমস্যার কথা জানানো হয়েছে। পরে ব্লক প্রশাসনকেও বিষয়টি জানানো হয়। এমনকি ২০২৫ সালের নভেম্বর মাসেও বিডিওর কাছে অভিযোগ জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাই বাধ্য হয়েই ভোট বয়কটের সিদ্ধান্ত।
তৃণমূল (TMC) প্রার্থী সুশান্ত মাহাতোর দাবি, রাজ্যজুড়ে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে এত রাস্তা হচ্ছে। তাহলে ওই গ্রামে কেন পাকা রাস্তা হবে না। নিশ্চয়ই তার কারণ রয়েছে। যাখানে রাস্তা হবে তা রেলের জমি। গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। তার পর প্রশাসন রেলকে জানালেও তারা এই বিষয়ে কর্ণপাত করেনি। সেই কারণেই ওই গ্রামের এমন অবস্থা। ঝালদা ১ ব্লকের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোট বয়কটের বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিজেপি প্রার্থী রহিদাস কুমার এর জন্য দোষ চাপিয়েছেন রাজ্য সরকারের উপরেই। তাঁর অভিযোগ, এটা হয়েছে রাজ্য সরকারের জন্য। ব্লক প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। আর এই ঘটনায় নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে
দেখুন অন্য খবর :







