নয়াদিল্লি: রাজধানীতে বাড়তে থাকা যানজট এবং দূষণের চাপ কমাতে বড় পদক্ষেপ দিল দিল্লি (Delhi) সরকার। বেসরকারি সংস্থাগুলিকে সপ্তাহে অন্তত দু’দিন কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, অফিসযাত্রীর চাপ কমানো এবং শহরের পরিবেশের উপর বাড়তি চাপ নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ।
দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় নামার ফলে যানজটের পাশাপাশি বায়ুদূষণের পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠছে। সেই কারণেই সংস্থাগুলিকে নমনীয় কর্মপদ্ধতি গ্রহণের আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন
বিশেষজ্ঞদের মতে, করোনা পরবর্তী সময়ে বহু সংস্থাই হাইব্রিড মডেলে কাজ করছে। ফলে সপ্তাহে কয়েক দিন বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা চালু থাকলে শহরের যানবাহনের চাপ অনেকটাই কমতে পারে।
সরকারি মহলের দাবি, এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নয়। তবে পরিস্থিতি সামাল দিতে কর্পোরেট সংস্থাগুলির সহযোগিতা আশা করছে প্রশাসন।
দিল্লিতে বায়ুদূষণ ও যানজট দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে কর্মদিবসে অফিস টাইমে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ মডেলকে উৎসাহ দিতে চাইছে দিল্লি সরকার।







