ওয়েব ডেস্ক : বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম পরিচিত উৎসব কার্তিক পুজো (Kartik Puja 2026 )। সন্তানসুখের কামনায় বহু পরিবারে এই পুজোর আয়োজন করা হয়। বিশেষ করে নতুন বিয়ে হয়েছে এমন দম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর পাঠানোর একটি প্রচলিত রীতি রয়েছে। আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবরা নবদম্পতির বাড়িতে কার্তিকের মূর্তি রেখে আসেন। এরপর নিয়ম মেনে পুজোর আয়োজন করেন পরিবারের সদস্যরা। লোকবিশ্বাস ও দীর্ঘদিনের পারিবারিক প্রথার সঙ্গে জড়িয়ে রয়েছে এই উৎসব।
প্রতি বছর কার্তিক সংক্রান্তির সময়েই মূলত এই পুজো অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে পুজোর দিনক্ষণ নিয়ে পঞ্জিকাভেদে রয়েছে সামান্য পার্থক্য। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার কার্তিক পুজো পালিত হবে। অন্যদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ১৬ নভেম্বর, সোমবার নির্ধারিত হয়েছে পুজোর দিন। ফলে বাড়িতে পুজোর আয়োজন করার আগে নিজের পরিবারের প্রচলিত রীতি এবং পুরোহিতের পরামর্শ অনুযায়ী দিনক্ষণ ঠিক করে নেওয়া ভালো।
আরও খবর : সাড়ে ৩৫০ বছরের ঐতিহ্য! দুর্গাপুরের আমরাই গ্রামে আজও পূজিত হয় কল্যাণীর সেই অলৌকিক কলস
পুজোর উপাচারে ফল ও মিষ্টির বিশেষ গুরুত্ব রয়েছে। নিয়ম মেনে পুজো করতে না পারলেও ভক্তিভরে কার্তিক ঠাকুরের সামনে পাঁচ ধরনের ফল এবং মিষ্টি নিবেদন করতে পারেন। প্রচলিত রীতি অনুযায়ী দেবতার উদ্দেশে খেলনাও অর্পণ করা হয়। ফুলের ক্ষেত্রে রক্তকরবীকে বিশেষ পছন্দের বলে মনে করা হয়। সেটি না পাওয়া গেলে সাদা কিংবা হলুদ করবী দিয়েও পুজো করা যেতে পারে বলে প্রচলিত বিশ্বাস।
কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনি। পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবসেনাপতি কার্তিকেয়র জন্ম হয়েছিল অসুর তারকাসুরকে বধ করার উদ্দেশ্যে। দেবতাদের আশীর্বাদ ও শক্তি নিয়ে তিনি যুদ্ধে অসুরকে পরাজিত করেন। সেই থেকেই যুদ্ধকুশলতা, সাহস ও বীরত্বের প্রতীক হিসেবে পরিচিত কার্তিক। কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে তাঁর জন্মকাহিনির যোগ থাকায় তাঁর নাম হয়েছে কার্তিক। বাংলার বহু পরিবারে বিশ্বাস, কার্তিক পুজো করলে সন্তানসুখের কামনা পূরণ হয় এবং সংসারে সমৃদ্ধি আসে।







