ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিদেশে সম্পত্তি থাকার অভিযোগ তুলে এবার সরাসরি আক্রমণে নামলেন মদন মিত্র (Madan Mitra)। তাঁর দাবি, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে নাকি নিজস্ব একটি দ্বীপ রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেখানে বিনয় মিশ্র-সহ অভিষেকের ঘনিষ্ঠদের যাতায়াত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। কটাক্ষের সুরে মদনের পরামর্শ, আপাতত রাজনীতির ময়দান ছেড়ে এক-দু’বছর ওই দ্বীপে কাটিয়ে আসুন অভিষেক। ২০২৯ সালের লোকসভা ভোটে ফের রাজনৈতিক লড়াই হবে।
অভিষেকের বিদেশ সফর নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন মদন। চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়া এবং চার্টার্ড বিমানে সফরের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি নদী ও নদীর চর দখল এবং কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন। তাঁর বক্তব্য, অভিষেককে ঘিরে বিতর্কের কারণে তৃণমূলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়ে মদন বলেন, দলের দায়িত্ব অভিষেকের হাত থেকে নিজের হাতে ফিরিয়ে নেওয়া উচিত তাঁর।
মদনের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন দলেরই মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপিকে খুশি করতেই মমতা ও অভিষেককে নিশানা করছেন মদন। তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচিতি না থাকলে মদন মিত্রের পক্ষে পাড়ার কাউন্সিলর হওয়াও কঠিন হত। অন্যদিকে, বিজেপি নেতা সায়ন্তন বসু মদনের বক্তব্যকে সমর্থন করে বলেন, অভিষেকের কর্মকাণ্ড সম্পর্কে মদন আগে থেকেই জানতেন। উনি যা বলছেন ঠিকই বলছেন







