ওয়েব ডেস্ক : ২০৩৪ সালের টি-টোয়েন্টি (T20 word cup 2034) বিশ্বকাপ আয়োজনের দৌড়ে ফের একসঙ্গে নামতে চলেছে আমেরিকা (America) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪ সালে ভারতীয় দলের বিশ্বজয়ের আসরের পর এক দশকের ব্যবধানে ফের উত্তর আমেরিকায় ফিরতে পারে এই প্রতিযোগিতা। তবে ২০৩৪ সালের আয়োজক দেশ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও চূড়ান্ত ঘোষণা করেনি। ফলে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনের বিষয়টি আপাতত সম্ভাবনার স্তরেই রয়েছে।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, ২০৩৪ সালের ৬ জুলাই থেকে ৬ অগস্ট পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময় নির্ধারিত হয়েছে। ওই সময়ের আবহাওয়ার কথা মাথায় রাখলে ইউরোপ অথবা উত্তর আমেরিকায় প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনাই বেশি। ২০৩০ সালের বিশ্বকাপ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে হওয়ার কথা থাকায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আপাতত ২০৩৪ সালের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে এসেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ প্রস্তাব গুরুত্ব পেতে পারে।
আরও খবর : ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা এই ক্রিকেটারের
ক্রিকেটের নতুন বাজার তৈরিতে আমেরিকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইসিসি। সেই লক্ষ্যেই ফের দেশটিতে বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের আগ্রহ রয়েছে বলে খবর। ২০২৪ সালের বিশ্বকাপে আমেরিকায় হয়েছিল ১৬টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করা হয়েছিল ৩৯টি ম্যাচ। এবার যৌথভাবে দায়িত্ব পেলে আমেরিকায় ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে। মেজর লিগ ক্রিকেটের প্রসারের ফলে দেশটিতে নতুন ক্রিকেট মাঠ ও পরিকাঠামো তৈরি হওয়ায় আয়োজনের সুযোগও বেড়েছে।
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মাধ্যমে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ওই প্রতিযোগিতার জন্য তৈরি পরিকাঠামোও ভবিষ্যতে বিশ্বকাপের কাজে লাগতে পারে। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ঘরের মাঠ নাইট রাইডার্স স্টেডিয়াম সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আসতে পারে। ২০২৪ সালের বিশ্বকাপে নিউ ইয়র্ক, টেক্সাস ও ফ্লোরিডার তিনটি মাঠে খেলা হয়েছিল। ২০৩৪ সালে আমেরিকা দ্বিতীয়বার এবং ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেতে পারে। এর আগে ২০১০ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ।







