ওয়েব ডেস্ক : মহিলাদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড়ে। অভিযোগ, এই ঘটনায় এক নাবালককে বাড়ি থেকে বের করে মারধর করা হয়। এরপর তাকে নগ্ন অবস্থায় এলাকায় ঘোরানো হয় বলেও অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। রবিবার দুপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনাটি ডোমজুড় থানার কাটলিয়া এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর বেশ কিছুদিন ধরে এলাকার মহিলাদের ছবি ও ভিডিও সংগ্রহ করছিল বলে অভিযোগ। পরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে সেগুলি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হত বলে দাবি। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ক্ষোভ ছড়ায় এলাকায়। একদল প্রতিবেশী কিশোরের বাড়িতে গিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। পরে তার সঙ্গে প্রকাশ্যে অমানবিক আচরণ করা হয়।
আরও খবর : সোমবার লোকসভায় বিল পেশ, ভোটে অংশ নেবেন কি জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল?
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ফোনের তথ্য খতিয়ে দেখে ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নাবালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে।







