HomeBig newsআসন পুনর্বিন্যাস নিয়ে স্ট্যালিনের মন বদলাতে বৈঠকে সোনিয়া-রাহুল
MK Stalin

আসন পুনর্বিন্যাস নিয়ে স্ট্যালিনের মন বদলাতে বৈঠকে সোনিয়া-রাহুল

ডিএমকের সমর্থন প্রত্যাহারের আর্জি জানাতে চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, প্রতিনিধি দলে মমতা বন্দ্যোপাধ্যায়ও

ওয়েব ডেস্ক : কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) নিয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের (MK Stalin) অবস্থান বদলানোর চেষ্টা কংগ্রেসের। রবিবার চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ডিএমকে যাতে কেন্দ্রের বিল থেকে সমর্থন প্রত্যাহার করে, সেই আর্জি জানাতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

শনিবারই কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের কথা ঘোষণা করেছিল ডিএমকে (DMK)। এই সিদ্ধান্তে কংগ্রেসের সঙ্গে দলের মতপার্থক্য প্রকাশ্যে আসে। কারণ, প্রস্তাবিত সংবিধান সংশোধনীর বিরোধিতায় সরব কংগ্রেস। রবিবার আলওয়ারপেটের বাসভবনে অতিথি নেতাদের স্বাগত জানান স্ট্যালিন। ডিএমকের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন উদয়নিধি স্ট্যালিন, কানিমোঝি, দয়ানিধি মারান-সহ দলের একাধিক সাংসদ।

আরও খবর :  আসন পুনর্বিন্যাসে কেন্দ্রের পাশে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, চাপে বিরোধী জোট

বৈঠকের কয়েক ঘণ্টা আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন স্ট্যালিন। রাহুল গান্ধীকে ‘ভাই’ সম্বোধন করে তিনি জানান, তামিলনাড়ু ও সেখানকার মানুষের স্বার্থই ডিএমকের রাজনৈতিক সিদ্ধান্তের প্রধান ভিত্তি। রাজ্যের অধিকার রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ইতিহাস তাঁদের কাট্টাবোম্মান হিসেবেই মনে রাখবে, এট্টাপ্পান হিসেবে নয়। তামিল ইতিহাসে কাট্টাবোম্মান ব্রিটিশবিরোধী প্রতিরোধের প্রতীক। অন্যদিকে এট্টাপ্পান শব্দটি বিশ্বাসঘাতকতার সঙ্গে যুক্ত।

এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, লোকসভার আসনসংখ্যা ৮৫০-এ বাড়ানোর প্রস্তাব দেশের গণতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। তাঁর দাবি, এই পরিবর্তনের মাধ্যমে বিজেপি ও আরএসএস নিজেদের সুবিধামতো দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার সুযোগ পেতে পারে। সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় ডিএমকের সঙ্গে একযোগে বিলের বিরোধিতা করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। স্ট্যালিন অবশ্য জানিয়েছেন, তামিলনাড়ুর স্বার্থকে অগ্রাধিকার দিয়েই দলের সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই বৈঠকের পর ডিএমকের অবস্থানে কোনও পরিবর্তন আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News