ওয়েব ডেস্ক : আসন পুনর্বিন্যাস (Delimitation Bill) নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠকের পরেও নিজের অবস্থানে অনড় রইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন (MK Stalin)। রবিবার চেন্নাইয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে আলোচনার পর দলীয় অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল ডিএমকে। তাদের দাবি, আসন পুনর্বিন্যাস হতে হবে ন্যায্য। সংসদে তামিলনাড়ুর বর্তমান প্রতিনিধিত্ব কোনওভাবেই কমানো চলবে না।
ডিএমকের আইটি শাখার প্রকাশিত বিবৃতিতে স্ট্যালিন জানান, আসন পুনর্বিন্যাস নিয়ে দলের অবস্থান এবং আগের দিন সাংসদদের বৈঠকে গৃহীত প্রস্তাব কংগ্রেস নেতৃত্বকে জানানো হয়েছে। এই ইস্যুতে ডিএমকে যে লড়াই চালিয়ে যাচ্ছে, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কংগ্রেস নেতারা দলের বক্তব্য শুনেছেন এবং অবস্থান বুঝেছেন বলে দাবি স্ট্যালিনের। তবে বৈঠকের পরেও ডিএমকের অবস্থানে কোনও পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানানো হয়েছে, ‘ন্যায্য আসন পুনর্বিন্যাস’-এর দাবিতে তারা আগের মতোই অনড়।
আরও খবর : আসন পুনর্বিন্যাস নিয়ে স্ট্যালিনের মন বদলাতে বৈঠকে সোনিয়া-রাহুল
স্ট্যালিনের বক্তব্য, প্রস্তাবিত বিল পরাজিত হলে তামিলনাড়ু সংসদে বর্তমানে যে প্রতিনিধিত্বের অংশীদারিত্ব ধরে রেখেছে, সেটিও হারানোর আশঙ্কা রয়েছে। তাই বিলের বিরোধিতা করলেই যে রাজ্যের স্বার্থ সুরক্ষিত থাকবে, এমনটা মনে করছে না ডিএমকে। দলের প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, আগে আসন পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ুর লোকসভা আসন ৩৯ থেকে কমে ৩১ বা ৩২ হতে পারে বলে আশঙ্কা ছিল। সংসদে রাজ্যের অংশীদারিত্ব নেমে যেতে পারে ৫.৭১ থেকে ৫.৮৯ শতাংশে।
অন্যদিকে, ডিএমকের দাবি, প্রস্তাবিত ব্যবস্থায় তামিলনাড়ুর লোকসভা আসন ৫৯ পর্যন্ত বাড়তে পারে এবং বর্তমান অংশীদারিত্বও বজায় রাখা সম্ভব। তাদের হিসাব অনুযায়ী, রাজ্যের প্রতিনিধিত্বের হার ৭.২৩ শতাংশ পর্যন্ত সুরক্ষিত থাকতে পারে। দলের আরও দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে ২০৫১ সাল পর্যন্ত, অর্থাৎ আগামী ২৫ বছর তামিলনাড়ুর আসনসংখ্যা কমার আশঙ্কা থাকবে না। এই দাবিগুলি সামনে রেখেই আসন পুনর্বিন্যাস নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে স্ট্যালিনের দল।







