HomeScrollমায়ানমারে বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলা, মৃত্যু হল ১৭ জনের
Myanmar Military Airstrike

মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলা, মৃত্যু হল ১৭ জনের

বিয়ের প্রস্তুতি চলাকালীন বোমাবর্ষণ, মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীর

ওয়েব ডেস্ক : বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হল মৃত্যুপুরীতে! মায়ানমারের (Myanmar) সংঘর্ষবিধ্বস্ত এলাকায় একটি বিয়েবাড়ি লক্ষ্য করে বিমান হামলার অভিযোগ উঠল সামরিক বাহিনীর বিরুদ্ধে। শনিবার শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটে। হামলার সময় বাড়িটিতে দুই বাস্তুচ্যুত মানুষের বিয়ের প্রস্তুতি চলছিল। প্রত্যক্ষদর্শীর দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে তিনি ১৭টি মৃতদেহ দেখতে পান। আহত হয়েছেন আরও বহু মানুষ। তবে মৃতের সংখ্যা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, হামলার আগে এলাকায় বিমানের শব্দ শুনতে পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁদের গ্রামে বোমাবর্ষণ হতে পারে, তা ভাবেননি। কিছুক্ষণ পরই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখে ঘটনাস্থলের দিকে ছুটে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, বিয়ের আয়োজন চলা বাড়িটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও খবর :  আফগানিস্তানে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬ পড়ুয়া! আহত বহু

হামলার পর স্থানীয় বাসিন্দাদের তোলা কয়েকটি ছবিও সামনে এসেছে। সেখানে অন্তত ছয়টি দেহ দেখা গিয়েছে। মৃতদের মধ্যে এক মহিলা ও এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ১৭ জনের মৃত্যুর দাবি করলেও সেই সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হামলার কয়েকটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তবে সেগুলির সত্যতা নিশ্চিত করতে পারেনি এএফপি। ঘটনার বিষয়ে মায়ানমারের সামরিক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

২০২১ সালে অং সান সু চি-র নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই গৃহযুদ্ধের আগুনে জ্বলছে মায়ানমার। দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনী ও বিরোধী শক্তির মধ্যে সংঘর্ষ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি-র হিসাব অনুযায়ী, এই সংঘর্ষে সব পক্ষ মিলিয়ে এক লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোয়ে বাই শহরের নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকায় সক্রিয় বিরোধী বাহিনী। সেই সংঘাতের আবহেই বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির সময় এই বিমান হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News