সংসদের বিশেষ অধিবেশন ঘিরে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বসতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে ডিলিমিটেশন বা লোকসভা আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা করতে পারে কেন্দ্রের এনডিএ সরকার। গত এপ্রিল মাসে এই বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল সরকার। তবে এবার প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের অঙ্ক কষেই অধিবেশন ডাকা হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা।
কিন্তু সংখ্যার হিসাব বলছে, এনডিএ-র সামনে এখনও কঠিন চ্যালেঞ্জ রয়েছে। টিভি৯ বাংলার প্রতিবেদন অনুযায়ী, লোকসভার ৫৪০ জন সদস্যের সবাই উপস্থিত থাকলে দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন হবে ৩৬০টি ভোট। এনডিএ-র সঙ্গে এনসিপিআইয়ের ২০ জন সাংসদের সমর্থন ধরলে বিলের পক্ষে প্রকাশ্যে থাকা সংখ্যা দাঁড়াচ্ছে ৩২২।
এরপর নজর ডিএমকে, শরদ পওয়ারের এনসিপি এবং ওয়াইএসআর কংগ্রেসের দিকে। এই তিন দলের মোট ৩৪ জন সাংসদের সমর্থন পাওয়া গেলে বিলের পক্ষে ভোটের সংখ্যা বেড়ে হতে পারে ৩৫৬। অর্থাৎ, পূর্ণ উপস্থিতির ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যার থেকে তখনও চারটি ভোট কম থাকবে। সেই ঘাটতি পূরণে আম আদমি পার্টি, এআইএমআইএম এবং নির্দল সাংসদদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অন্যদিকে, বিরোধী ইন্ডিয়া জোটের হাতে রয়েছে প্রায় ১৭৫টি ভোট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিরোধী সাংসদদের কেউ কেউ ভোটদানে অনুপস্থিত থাকলে সরকারের সুবিধা হতে পারে। ডিএমকে বা এনসিপির সাংসদদের অনুপস্থিতিও ভোটের সমীকরণ বদলে দিতে পারে।
এপ্রিলের ভোটে ৫২৮ জন সাংসদ উপস্থিত ছিলেন। তখন দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ছিল ৩৫২টি ভোট। বিলের পক্ষে পড়েছিল ২৯৮টি ভোট, বিপক্ষে ২৩০টি। এবার সেই ব্যর্থতার পুনরাবৃত্তি এড়াতে মরিয়া সরকার। তবে শেষ পর্যন্ত কোন দল কী অবস্থান নেয়, তার উপরই নির্ভর করবে বিলের ভবিষ্যৎ।







