HomeScroll‘প্রাইম টাইমে চালাতেই হবে বামাক্ষ্যাপা’, হল মালিকদের কড়া বার্তা শুভেন্দুর! বৈঠকের পর...
Sadhak Bamakhyapa

‘প্রাইম টাইমে চালাতেই হবে বামাক্ষ্যাপা’, হল মালিকদের কড়া বার্তা শুভেন্দুর! বৈঠকের পর কী সিদ্ধান্ত?

হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় প্রেক্ষাগৃহে শো হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে। সেই পরিস্থিতিতে ছবিটির প্রদর্শন নিয়ে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে হল ও মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে তাঁর স্পষ্ট নির্দেশ, ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, ছবিটি প্রাইম টাইমেও চালাতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

 

আগামী ২৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ওই ছবির মুক্তির আগে একাধিক হল-মাল্টিপ্লেক্সে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অথচ মুক্তির পর থেকেই বাংলা ছবিটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। একাধিক শো হাউসফুল যাওয়ার খবরও সামনে এসেছে। এই পরিস্থিতিতে ছবিটির প্রদর্শন বজায় রাখার দাবিতে সরব হয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একাংশ।

 

মঙ্গলবার দুপুরে নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক, অভিনেতা, সিনেমা পরিবেশক এবং হল মালিকদের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতদীপ সাহা এবং অরিজিৎ দত্ত। ভার্চুয়ালি যোগ দেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

বৈঠক শেষে রুদ্রনীল ঘোষ জানান, বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমে বাংলা ছবির শো চালানোর বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আপাতত ‘সাধক বামাক্ষ্যাপা’র ৫১টি শো রয়েছে, পরে তা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছবিটির প্রদর্শন নিয়ে জটিলতা কাটবে বলে আশাবাদী টলিউডের একাংশ।

 

উল্লেখ্য, এর আগেও বাংলা ছবির জন্য প্রাইম টাইমে শো নিশ্চিত করার দাবি উঠেছিল। তবে এবারের বৈঠকের পর ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News