HomeScrollবিমানে ওঠার মুখে বিমানবন্দরে হুলস্থুল! যাত্রীদের সামনেই দু’জনকে টেনে নিয়ে গেলেন অভিবাসন...
Chaos At Seattle Airport

বিমানে ওঠার মুখে বিমানবন্দরে হুলস্থুল! যাত্রীদের সামনেই দু’জনকে টেনে নিয়ে গেলেন অভিবাসন আধিকারিকরা

আমেরিকার সিয়াটল বিমানবন্দরে উড়ান ধরার আগে অভিবাসন আধিকারিকদের অভিযান ঘিরে উত্তেজনা। ভিড়ে ঠাসা জেট ব্রিজ থেকে আটক দুই যাত্রী। এক মহিলার চিৎকারে ছড়ায় চাঞ্চল্য, পিছিয়ে যায় লস অ্যাঞ্জেলেসগামী বিমান।

ওয়েব ডেস্ক : বিমানে ওঠার জন্য তখন যাত্রীদের লম্বা লাইন। কেউ হাতে বোর্ডিং পাস, কেউ আবার ট্রলি নিয়ে এগোচ্ছেন বিমানের দিকে। ঠিক সেই সময়েই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের (Seattle Airport) জেট ব্রিজে হানা অভিবাসন আধিকারিকদের। যাত্রীদের সামনেই দুই ব্যক্তিকে আটক করতে গিয়ে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এক মহিলাকে চিৎকার করে বলতে শোনা যায়, তাঁর মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তাঁর কাজের অনুমতিপত্র রয়েছে। ঘটনার জেরে দেরিতে ছাড়ে লস অ্যাঞ্জেলেসগামী বিমান।

আমেরিকার অভিবাসন ও শুল্ক দফতর আইসিই জানিয়েছে, রিকার্ডো লারোন্দো মেন্দোজা নামে মেক্সিকোর এক নাগরিককে গ্রেফতার করতেই এই অভিযান চালানো হয়েছিল। অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি আমেরিকায় থেকে গিয়েছিলেন। সেই কারণেই তাঁকে আটক করা হয় বলে দাবি আধিকারিকদের।

আইসিই-র বিবৃতি অনুযায়ী, অভিযানের সময় আর এক যাত্রী আধিকারিকদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। ওই মহিলার নাম সোফিয়া হার্নান্দেজ মেহিয়া। তাঁর বিরুদ্ধেও ভিসার মেয়াদ পেরিয়ে আমেরিকায় অবৈধভাবে থাকার অভিযোগ এনেছে আইসিই। পাশাপাশি, এক ফেডারেল আধিকারিককে আক্রমণের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে বলে জানানো হয়েছে।

আরও খবর :  কানাডায় ওয়ালমার্টের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় দম্পতির! সংগঠিত অপরাধের যোগের সন্দেহ পুলিশের

ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, মুখ ঢাকা অবস্থায় কয়েকজন আধিকারিক এক ব্যক্তিকে মাটিতে ফেলে আটক করার চেষ্টা করছেন। চারপাশে দাঁড়িয়ে রয়েছেন বিমানের যাত্রীরা। তাঁদের অনেকের হাতেই ছিল লাগেজ ও ট্রলি। আচমকা এই অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে।

আলাস্কা এয়ারলাইন্স জানিয়েছে, বিমান ওঠার সময় এমন অভিযান চালানো হবে বলে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। সংস্থার ১৩০৬ নম্বর উড়ানটি সকাল ৮টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ঘটনার জেরে বিমানটি দেরিতে ছাড়ে। যাত্রী ও কর্মীদের কাছে এই অভিজ্ঞতা অত্যন্ত উদ্বেগজনক বলেও জানিয়েছে বিমান সংস্থা। বিমানবন্দর পরিচালনাকারী পোর্ট অফ সিয়াটলের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে আলাস্কা এয়ারলাইন্স। অভিযানের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়েছিল কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঘটনার ভিডিও সামনে আসতেই আইসিই-র অভিযান নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, অভিবাসন আইন কার্যকর করার পদ্ধতি কার্যকর হওয়ার পাশাপাশি মানবিকও হওয়া প্রয়োজন। বিমানবন্দরের জেট ব্রিজে আইসিই আধিকারিকরা কীভাবে প্রবেশ করলেন, তা নিয়েও তদন্তের কথা জানিয়েছেন তিনি।

পোর্ট অফ সিয়াটলও জানিয়েছে, এই ঘটনা শুধু আটক হওয়া ব্যক্তিদের পরিবারের কাছেই নয়, অন্যান্য যাত্রীদের কাছেও উদ্বেগজনক। কীভাবে এই অভিযান চালানো হল, তা জানতে কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে কথা বলবেন স্থানীয় কর্তৃপক্ষ।

[youtube-feed feed=1]
Read More

Latest News