ওয়েব ডেস্ক : সোনা (Gold) কেনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আবেদন কি সত্যিই প্রভাব ফেলেছে দেশবাসীর উপর? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, তাঁর অনুরোধ মেনে সোনা কেনা কমিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই দাম কমার সুফল পেয়েছেন তাঁরা। শনিবার লখনউয়ে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এখন অনেকেই তাঁকে বলছেন, মোদিজি আপনার কথা শুনে আমাদের টাকা বেঁচেছে।
গত মে মাসে দেশবাসীর কাছে এক বছরের জন্য অপ্রয়োজনে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন মোদি। শনিবার সেই প্রসঙ্গ টেনে তিনি তুলনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ১৯৬৫ সালের আহ্বানের সঙ্গে। সে সময় খাদ্যসংকটের পরিস্থিতিতে দেশবাসীকে একবেলা খাবার না খাওয়ার আবেদন জানিয়েছিলেন শাস্ত্রী। মোদির বক্তব্য, শাস্ত্রীর আবেদনে যেমন সাড়া দিয়েছিলেন দেশবাসী, তেমনই তাঁর সোনা কেনা কমানোর অনুরোধও মেনে নিয়েছেন সাধারণ মানুষ। তাঁর দাবি, দেশবাসীর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে সোনার দামে।
আরও খবর : রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা! একই পরিবারের ৯ জনের মৃত্যু, আহত ৬
তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম গত ৯ মে প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ টাকা। বর্তমানে তা কমে হয়েছে ১২ হাজার ৫২৩ টাকা। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে প্রতি গ্রামে উল্লেখযোগ্য পতন হয়েছে সোনার দামে।
গত মে মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। এর ফলে ভারতের বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি হয়। সেই পরিস্থিতিতে সোনা আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যবহার কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। হায়দরাবাদের একটি জনসভায় মোদি বলেছিলেন, জাতীয় স্বার্থে এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁর সাতটি আবেদনের মধ্যে জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজের সংস্কৃতি ফিরিয়ে আনা এবং বিদেশ ভ্রমণ কমানোর কথাও ছিল। সেপ্টেম্বর মাসেও প্রয়োজন ছাড়া সোনা না কেনার আবেদন জানান তিনি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ভারতের সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। এই সময়ে আমদানির পরিমাণ ছিল ২৪.৭৮ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে সেই অঙ্ক ছিল ৪১.২৪ বিলিয়ন ডলার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যেও চাহিদা কমার ছবি উঠে এসেছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে সোনার চাহিদা দাঁড়িয়েছে ১৬২ টন। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৯ শতাংশ কম। গয়নার চাহিদাও প্রায় ২০ শতাংশ কমে ১০০ টনের কাছাকাছি পৌঁছেছে।







