ওয়েব ডেস্ক : অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির সামনেই ঘটে দুর্ঘটনা। বাড়ির নীচে পার্ক করা অভিনেত্রীর বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। সংঘর্ষে গাড়িটির বেশ কিছুটা অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে ছিলেন না ঋতুপর্ণা। তিনি বাড়ির ভিতরে থাকায় প্রাণে বেঁচে যান।
অভিনেত্রীর কথায়, আচমকা একটি বিকট শব্দ শুনে তিনি এবং বাড়ির কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। তখনই চোখে পড়ে দুর্ঘটনার দৃশ্য। ম্যাটাডোরের ধাক্কায় তাঁর গাড়ির বাঁ দিকের পিছনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় ক্ষতি হয়েছে তাঁর এক বন্ধুর গাড়িরও। দুর্ঘটনার সময় ওই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী।
আরও খবর : রণবীরের সঙ্গে দাম্পত্য নিয়ে কটাক্ষ, সমালোচকদের কড়া জবাব আলিয়ার!
ঘটনার পর ম্যাটাডোরের চালক যাতে পালিয়ে যেতে না পারে, সেই কারণে তাঁকে আটকে রাখা হয়। গাড়ির চাবিও নিজেদের হেফাজতে নেন তাঁরা। এরপর চালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ঋতুপর্ণার দাবি, ওই ব্যক্তি ম্যাটাডোরটির অনুমোদিত চালক নন। তিনি পেশায় একজন ক্যাটারিং কর্মী। তাঁর কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না। অর্থাৎ, কোনও বৈধ অনুমতি ছাড়াই তিনি একটি বাণিজ্যিক গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ।
এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ঋতুপর্ণা। তাঁর বক্তব্য, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ যে কোনও সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেকেরই ন্যূনতম দায়িত্ববোধ থাকা জরুরি। সামান্য অসতর্কতা বা নিয়ম না মানার পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ বলে মনে করছেন অভিনেত্রী।







