HomeScrollআর দেখা যাবে না সাত নম্বর জার্সি! আইপিএল থেকে অবসর মাহির, নতুন...
MS Dhoni

আর দেখা যাবে না সাত নম্বর জার্সি! আইপিএল থেকে অবসর মাহির, নতুন ভূমিকায় ‘থালা’

১৮ মরশুম, ৫টি ট্রফি, অগণিত স্মৃতি! হলুদ জার্সিতে আর মাঠে নামবেন না মাহি

ওয়েব ডেস্ক : আইপিএলে শেষ হয়েছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দীর্ঘ ক্রিকেটীয় অধ্যায়। ১৮টি মরশুম, পাঁচটি ট্রফি এবং অসংখ্য স্মৃতি নিয়ে প্রতিযোগিতাকে বিদায় জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের (CSK) প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার আইপিএলের (IPL) রিটেনশন পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিও প্রকাশ করে ধোনির অবসরের কথা জানায় সিএসকে। তবে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তাঁর। ২০২৭ সালের মরশুমে মেন্টরের দায়িত্ব সামলাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

দীর্ঘদিন ধরেই ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। ২০২৩ সালে সিএসকেকে পঞ্চম আইপিএল ট্রফি জেতানোর পর থেকেই প্রতি মরশুমে তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু প্রতিবারই হাসিমুখে অনিশ্চয়তা কাটিয়েছেন মাহি। এবার নিজেই অনুরাগীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটার হিসেবে বিদায় জানালেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের আবহে ছিল প্রিয় গান ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’।

আরও খবর :  ধোনি আর ক্রিকেটার নন, এবার মেন্টর! IPL-এর রিটেনশন তালিকায় বড় চমক, একঝাঁক তারকাকে ছাড়ল KKR-সহ একাধিক দল

সিএসকের ইতিহাসে এই প্রথম কোনও ক্রিকেটারকে টিম মেন্টরের দায়িত্ব দেওয়া হচ্ছে। ২০০৯ সালে কেপলার ওয়েসেলসের জায়গায় প্রধান কোচ হয়েছিলেন স্টিফেন ফ্লেমিং। ধোনির সঙ্গে তাঁর জুটি চেন্নাইকে পাঁচটি আইপিএল খেতাব এনে দেয়। ২০২৬ সালের হতাশাজনক মরশুমের পর ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজির। নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাহির খান। এবার তাঁর পাশে মেন্টর হিসেবে থাকবেন ধোনি। ফলে নতুন কোচিং কাঠামোয় মাহির অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

২০২৩ সালের পর থেকে সিএসকের পারফরম্যান্স অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত তিন মরশুমে একবারও প্লে-অফে উঠতে পারেনি দল। ২০২৫ সালে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে শেষ করেছিল তারা। ২০২৬ সালেও রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয় তরুণ দল। শেষ পর্যন্ত অষ্টম স্থানে শেষ করে চেন্নাই। এই পরিস্থিতিতে ধোনির মেন্টর হিসেবে প্রত্যাবর্তন দলের জন্য নতুন অধ্যায়। ২০০৮ সালে চেন্নাইয়ে আসার পর থেকেই সমর্থকদের কাছে ‘থালা’ হয়ে উঠেছিলেন তিনি। ২০২৬ সালে একটি ম্যাচেও না খেললেও গ্যালারিতে থালার নামে স্লোগান থামেনি। সাত নম্বর হলুদ জার্সিতে আর মাঠে দেখা যাবে না ধোনিকে। তবে সিএসকের ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি যে সমর্থকদের কাছে একই রকম আবেগের, তা বলাই যায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News