ওয়েব ডেস্ক : থ্যাঙ্কসগিভিং উৎসবের দিনেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে আমেরিকা (America)। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দেশের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির প্রভাব পড়েছে নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী মেসির থ্যাঙ্কসগিভিং প্যারেডেও (Macy’s parade)। নিরাপত্তার কথা মাথায় রেখে ১০০ বছরের ইতিহাসে এই প্রথম উৎসবের নির্ধারিত বৃহস্পতিবারের অনুষ্ঠান পিছিয়ে শনিবার করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৯ লক্ষেরও বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
আবহাওয়ার এই দুর্যোগে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের তার এবং বাড়ির উপর। পূর্ব উপকূলের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। বিমান পরিষেবার উপরেও পড়েছে ঝড়ের প্রভাব। পাওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় প্রায় ৪০০টি বিমান বাতিল হয়েছে। দেরিতে চলেছে ২ হাজারেরও বেশি বিমান। বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের বিমানবন্দরগুলিতে পরিস্থিতি ছিল উদ্বেগজনক।
আরও খবর : দেশে ফিরে যান, নইলে চাকরি ছাড়ুন! আইবিএমের নির্দেশে বিপাকে আমেরিকায় কর্মরত ভারতীয়রা
ঝড়ের কারণে নিউ ইয়র্কের মেসির প্যারেড পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। ম্যানহাটনের রাস্তা জুড়ে বিশালাকার রঙিন বেলুন নিয়ে এই অনুষ্ঠান দেখতে প্রতি বছর ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর অনুষ্ঠান বন্ধ থাকলেও, ১০০ বছরের ইতিহাসে এই প্রথম থ্যাঙ্কসগিভিংয়ের বৃহস্পতিবারে প্যারেড আয়োজন করা সম্ভব হল না। আয়োজক সংস্থার কর্তা উইল কস জানিয়েছেন, অংশগ্রহণকারী, কর্মী এবং দর্শকদের নিরাপত্তাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতেও প্রবল হাওয়ার কারণে ১৯৯৭ সালে প্যারেড চলাকালীন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। মেরিল্যান্ডের রাজধানী ওয়াশিংটন সংলগ্ন এলাকায় জল সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় প্রায় ২০ লক্ষ গ্রাহককে পানীয় জলের ব্যবহার কমানোর আবেদন জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে বেশ কয়েকটি বড় সেতু বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে রাস্তায় বেরোতে নিষেধ করেছেন প্রশাসনিক কর্তারা। নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও জরুরি অবস্থা ঘোষণা করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মোবাইল ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র চার্জ করে রাখা, বিদ্যুৎ বিভ্রাটের খবর সংশ্লিষ্ট সংস্থাকে জানানো এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, আমেরিকার পশ্চিম উপকূল ক্যালিফোর্নিয়াতেও আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা গিয়েছে। বিশাল ঢেউয়ের আঘাতে উপকূলবর্তী কিছু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। সান ফ্রান্সিসকোতেও প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে।







