স্বামীর তুলনায় মাসিক আয় বেশি। অথচ আদালতে নিজেকে বেকার এবং স্বামীর উপর নির্ভরশীল বলে দাবি করেছিলেন স্ত্রী। সেই তথ্য সামনে আসতেই খোরপোশ সংক্রান্ত আগের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, নিজের প্রকৃত উপার্জনের তথ্য গোপন করে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে ওই মহিলাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বি-টেক এবং এমসিএ। ফলে নিজের আইনজীবীর জমা দেওয়া হলফনামায় কী তথ্য রয়েছে, তা না জানার কথা নয় তাঁর। ইচ্ছাকৃত ভাবে নিজের প্রকৃত আয় গোপন করা হয়েছে বলেই মনে করেছে আদালত।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের ৫ এপ্রিল। ওই দিন স্বামীর কাছ থেকে খোরপোশ চেয়ে আলিপুর আদালতে মামলা করেন স্ত্রী। তাঁর দাবি ছিল, তিনি কোনও উপার্জন করেন না এবং আর্থিক ভাবে স্বামীর উপর নির্ভরশীল। মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশও দাবি করেছিলেন তিনি।
২০২৪ সালে আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
শুনানিতে স্বামীর আইনজীবী অরিন্দম জানা দাবি করেন, তাঁর মক্কেলের স্ত্রী চাকরি করেন এবং নিজের প্রকৃত আয়ের তথ্য আদালতের কাছে গোপন করেছেন। শুনানিতে জানা যায়, ওই মহিলা বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। ২০২৬ সালের অগস্টে তাঁর মাসিক বেতন ছিল প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫৯৪ টাকা। অন্যদিকে, স্বামীর মাসিক আয় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।
স্ত্রী দাবি করেন, আইনজীবীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হলফনামায় তাঁর উপার্জন সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তবে সেই যুক্তি গ্রহণ করেনি আদালত। এরপরই আলিপুর আদালতের খোরপোশের নির্দেশ খারিজ করে হাই কোর্ট। ফলে স্বামীকে আর মাসে ৪৫ হাজার টাকা দিতে হবে না।







