কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ ফের বিতর্ক। এক মহিলা পড়ুয়াকে অনুসরণ করে মহিলাদের শৌচাগারের সামনে দাঁড়িয়ে থাকার অভিযোগ উঠেছে এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। শুধু তাই নয়, গত প্রায় দু’মাস ধরে পড়ুয়াদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত মোবাইল ফোনে ছবি ও ভিডিও রেকর্ড করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানের ছাত্র সংসদ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে।
ছাত্র সংসদের অভিযোগ, বুধবার এক মহিলা পড়ুয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের শৌচাগারে গেলে তাঁকে অনুসরণ করেন বাইরে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী। ওই পড়ুয়া শৌচাগারের ভিতরে থাকাকালীন নিরাপত্তারক্ষী দরজার সামনে দাঁড়িয়েছিলেন বলে দাবি। শৌচাগারের দরজা ঠিকমতো বন্ধ না হওয়ার অভিযোগও তুলেছেন পড়ুয়ারা। ফলে ওই সময়ে মোবাইলে কোনও ছবি বা ভিডিও রেকর্ড করা হয়েছিল কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
ছাত্র সংসদের দাবি, নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক প্রবীর কুমার মুন্সির নির্দেশেই পড়ুয়াদের উপর নজরদারি চালানো হচ্ছিল। এমনকী, উপাচার্য সন্তোষ আজমেরার নির্দেশে এই রেকর্ডিং করা হচ্ছে বলেও নাকি জানানো হয়েছিল। তবে সেই নির্দেশের লিখিত প্রমাণ চাওয়া হলে তা দেখানো হয়নি বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে মহিলা পড়ুয়াদের মৌখিক হেনস্থা এবং কয়েকজনের শারীরিক হেনস্থার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে উপাচার্যের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে ছ’দফা দাবি জানিয়েছে ছাত্র সংসদ।
তাদের দাবির মধ্যে রয়েছে, রেকর্ডিংয়ের নির্দেশের লিখিত প্রতিলিপি প্রকাশ, সংশ্লিষ্ট মোবাইল ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে পুলিশের হাতে তুলে দেওয়া, নিরাপত্তা আধিকারিককে দায়িত্ব থেকে সরানো এবং স্বাধীন তদন্ত কমিটি গঠন। পাশাপাশি মহিলা শৌচাগারের কাছে মহিলা নিরাপত্তাকর্মী মোতায়েনের দাবিও জানানো হয়েছে।
এদিকে, উপাচার্য, রেজিস্ট্রার ও ডিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকেই SRFTI-তে একাধিক ঘটনা ঘিরে অশান্তি চলছে। পঠনপাঠন, হস্টেল ও মেস পরিষেবা বন্ধ হওয়া এবং পড়ুয়াদের বহিষ্কারকে কেন্দ্র করেও কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র সংসদের বিরোধ তৈরি হয়েছে। নতুন অভিযোগে সেই উত্তেজনা আরও বাড়ল।







