HomeScrollভোটার তালিকায় আর নয় তথ্যের ভুল! বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন...
Election Commission of India

ভোটার তালিকায় আর নয় তথ্যের ভুল! বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন বিএলও, নয়া নির্দেশ কমিশনের

ভোটার তালিকায় তথ্যগত ভুল এড়াতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের। এ বার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের দেওয়া তথ্য যাচাই করবেন বুথস্তরের আধিকারিক বা বিএলওরা। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পর ভোটার তালিকায় থাকা তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর। বিশেষ করে যাঁদের তথ্যের মধ্যে অমিল ধরা পড়েছে, তাঁদের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে বিএলওদের।

 

কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, বর্তমানে ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে সংগ্রহ করা তথ্য মিলিয়ে দেখতে হবে। দু’টির মধ্যে কোনও অসঙ্গতি পাওয়া গেলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় যাচাই করতে হবে। ভোটারের নাম, বাবা-মা বা অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কমিশনের বক্তব্য, প্যান কার্ড কিংবা আধার কার্ডে ভুল থাকলে সংশোধনের ব্যবস্থা রয়েছে। অথচ ভোটার পরিচয়পত্রে অনেক সময় ভুল তথ্য থেকে যায়। সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ। ভোটার তালিকায় প্রত্যেকের তথ্য নির্ভুল রাখাই কমিশনের লক্ষ্য।

 

তবে তথ্য সংশোধনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। কমিশনের নির্দেশ, শুধুমাত্র স্বয়ংক্রিয় পরিচয় শনাক্তকরণ বা ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পরেই প্রয়োজনীয় সংশোধন করা যাবে।

 

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় একাধিক রাজ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই আলোচনা তৈরি হয়েছে। কমিশনের পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ২৭ লক্ষ নাম তথ্যগত অসঙ্গতির কারণে বাদ পড়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত আপিল ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ রয়েছে।

 

এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা ঘিরে ভোটারদের তথ্য যাচাই ও সংশোধনের প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে দিকেই নজর থাকবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News