কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্তে নয়া মোড়। এবার তিন ইন্টার্নকে বউবাজার থানায় তলব করল পুলিশ। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে তাঁদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে। হাসপাতালের উপাধ্যক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
অভিযোগ, মেডিক্যাল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনার আগে শোকজ হওয়া কয়েক জন ইন্টার্নের সমর্থনে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই বিক্ষোভ চলাকালীন উপাধ্যক্ষকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই মর্মে তিনি বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তিন ইন্টার্নকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, চোরবাগান-কাণ্ডের পর সংবাদমাধ্যমে বক্তব্য রাখার জেরে যে আট জন ইন্টার্নকে শোকজ করা হয়েছিল, তাঁদের মধ্যেই রয়েছেন এই তিন জন। গত বুধবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, কীভাবে তাঁরা কলেজে প্রবেশ করলেন এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহলের প্রতিনিধিরা।
অন্যদিকে, ইন্টার্নদের একাংশের দাবি, তাঁরা একটি ভিডিয়ো দেখিয়ে হামলায় অভিযুক্তদের চিহ্নিত করেছেন। একই সঙ্গে পুলিশের তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ পুলিশের ভূমিকা এবং গ্রেফতারির অভাব নিয়ে সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতীরা উৎসাহ পাচ্ছে। মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিন ইন্টার্নকে থানায় তলবের পর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।







