HomeScrollকানাডায় ওয়ালমার্টের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় দম্পতির! সংগঠিত অপরাধের যোগের সন্দেহ...
Indian-Origin Couple Shot Dead Outside Canada Walmart

কানাডায় ওয়ালমার্টের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় দম্পতির! সংগঠিত অপরাধের যোগের সন্দেহ পুলিশের

সারে শহরে পার্কিং লটে উদ্ধার ২৩ ও ২৪ বছরের দুই তরুণ-তরুণীর গুলিবিদ্ধ দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁদের। ঘটনার তদন্তভার নিয়েছে কানাডার হোমিসাইড তদন্তকারী দল।

ওয়েব ডেস্ক : কানাডার (Canada) সারে শহরে ওয়ালমার্টের বাইরে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য। গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ দম্পতি। মৃতদের নাম গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং সুখজিৎ কউর। তাঁদের বয়স যথাক্রমে ২৩ ও ২৪ বছর। পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলা কোনও আকস্মিক ঘটনা নয়। পরিকল্পনা করেই তাঁদের নিশানা করা হয়েছিল। এমনকী, এই হত্যাকাণ্ডের সঙ্গে সংগঠিত অপরাধচক্রের যোগ থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের।

ঘটনাটি ঘটে গত ১৫ নভেম্বর রাত প্রায় ১০টা ৩৮ মিনিটে। সারের একটি ওয়ালমার্ট স্টোরের পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জরুরি পরিষেবার কর্মীরা। আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রথমে ঘটনার তদন্ত শুরু করে সারে পুলিশ সার্ভিস। পরে তদন্তের দায়িত্ব নেয় কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম বা আইএইচআইটি। তদন্তকারীদের বক্তব্য, প্রাথমিকভাবে এই গুলিচালনাকে পরিকল্পিত হামলা বলেই মনে করা হচ্ছে। সংগঠিত অপরাধের সঙ্গে ঘটনার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর :  ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! যাত্রীবোঝাই ট্রেনের ধাক্কায় দাউদাউ করে জ্বলল মিনিবাস, মৃত চালক

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। গুলিচালনার প্রায় ১৩ মিনিট পর কাছাকাছি এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। তদন্তকারীদের সন্দেহ, ওই গাড়িটির সঙ্গে হত্যাকাণ্ডের যোগ থাকতে পারে। সেটিকে সম্ভাব্য আততায়ীদের ব্যবহৃত গাড়ি বলেও মনে করা হচ্ছে।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গগনপ্রীত রেহাল আগে অস্ত্র সংক্রান্ত অপরাধের ঘটনায় পুলিশের নজরে ছিলেন। অন্যদিকে সুখজিৎ কউরের কানাডায় পরিচিতির পরিধি সীমিত ছিল বলে জানা গিয়েছে। দু’জনেই প্রতিবেশী ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন। ঘটনার সঙ্গে যুক্ত কোনও তথ্য, সিসিটিভি ফুটেজ কিংবা গাড়ির ড্যাশক্যামের রেকর্ডিং থাকলে তা তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আততায়ীদের শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকায় একটি জ্বলন্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছিল ২৫ বছর বয়সি ভারতীয় যুবক তুষার শর্মার দেহ। তিনিও সারে এলাকার বাসিন্দা ছিলেন। সেই ঘটনাতেও পরিকল্পিত হত্যার সন্দেহ প্রকাশ করেছিল পুলিশ। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News