ওয়েব ডেস্ক : ডিলিমিটেশন বিলকে (Delimitation Bill) ঘিরে সংসদে সমর্থন জোগাড় করতে বিজেপি বিপুল অর্থের বিনিময়ে সাংসদ কেনাবেচার চেষ্টা করছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁর দাবি, কয়েক দিন আগেও একজন সাংসদের জন্য ১০০ কোটি টাকার দর উঠেছিল। এখন সেই অঙ্ক বেড়ে ১৫০ কোটি টাকায় পৌঁছেছে।
শুক্রবার ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন রাউত। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বারবার মুম্বই সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাউতের কটাক্ষ, সাংসদদের দলে টানার দায়িত্ব কি মহারাষ্ট্র ও মুম্বইয়ের কয়েক জন গুরুত্বপূর্ণ নেতার হাতে তুলে দেওয়া হয়েছে? তাঁর দাবি, সাংসদ কেনাবেচার জন্য মুম্বইকে অর্থ লেনদেনের যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আরও খবর : সুপ্রিম কোর্টের বিচারপতি ভেবে ওয়াইসিকে ‘গার্ড অফ অনার’! পুলিশের ভুলে সাহারানপুরে শোরগোল
এই অভিযোগকে সাধারণ রাজনৈতিক লেনদেন বলে মানতে নারাজ রাউত। তাঁর বক্তব্য, দেশের রাজনীতিতে বড় মাপের ঘোড়া কেনাবেচা চলছে। শাসক দল ক্ষমতার ব্যবহার করে বিরোধীদের সাংসদ সংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। শেয়ার বাজারের সঙ্গে তুলনা টেনে তাঁর মন্তব্য, আগে জাতীয় শেয়ার বাজারে যেমন বিভিন্ন সংস্থার শেয়ারের দর দেখা যেত, এখন তেমনই সাংসদ কেনাবেচার দরও প্রকাশ্যে আলোচিত হচ্ছে। দেশে নতুন করে ‘পলিটিক্যাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ তৈরি হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।
সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করতে দেরি হওয়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন রাউত। তাঁর প্রশ্ন, অধিবেশন পিছিয়ে দিয়ে কি সাংসদদের সমর্থন জোগাড় এবং আর্থিক লেনদেনের জন্য সময় নেওয়া হচ্ছে? ডিলিমিটেশন এবং সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাবিত আইনকে ঘিরেই এই রাজনৈতিক চাপানউতোর। চলতি বছরের এপ্রিলে কেন্দ্রের আনা সংবিধান সংশোধনী বিল লোকসভায় প্রয়োজনীয় সমর্থন পায়নি। এবার এই বিল নিয়ে বড় অভিযোগ করলেন সঞ্জয় রাউত।







