মালদা : পেটের টানে ছাড়তে হয়েছে নিজের ভিটেমাটি। সংসারের হাল ধরতে পাড়ি দিতে হয়েছে ভিনরাজ্যে। কিন্তু কাজের জায়গা বদলালেও বদলায়নি শিকড়ের টান। নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরাকে বাঁচিয়ে রাখতে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে প্রতিবছর ছটপুজোর আয়োজন করেন বিহারের দ্বারভাঙা জেলার মাখনা শ্রমিকরা। ২০১৭ সাল থেকে পিপলা এলাকায় নিয়ম করে এই পুজো হয়ে আসছে।
হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকার মাখনা ফড়িতে কাজ করেন প্রায় শতাধিক শ্রমিক। তাঁদের অধিকাংশের বাড়ি বিহারের দ্বারভাঙা জেলায়। কর্মসূত্রে পরিবার ও পরিচিত পরিবেশ থেকে দূরে থাকলেও ছটপুজোর সময় এক জায়গায় মিলিত হন তাঁরা। নিজেদের উদ্যোগেই তৈরি করেন পুজোর আয়োজন। উৎসবের এই মিলনমেলা তাঁদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং নিজের এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ বজায় রাখারও মাধ্যম।
আরও খবর : সন্তান কামনায় কার্তিক পুজো করেন অনেকেই! ২০২৬ সালে কবে পড়েছে পুজো, জানুন তিথি ও নিয়ম
এবারও ছটপুজো উপলক্ষে পিপলা বাসস্ট্যান্ডে প্রস্তুতি প্রায় শেষ। ফুল ও রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে পুজোর ঘাট। শ্রমিকদের সম্মিলিত উদ্যোগে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। বাড়ি থেকে দূরে থেকেও নিজেদের পরম্পরা ধরে রাখার এই প্রয়াস নজর কেড়েছে স্থানীয়দের।
এদিকে, পুজোকে কেন্দ্র করে নিরাপত্তার দিকেও নজর রাখছে পুলিশ প্রশাসন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ পিপলা বাসস্ট্যান্ডের পুজোর ঘাট পরিদর্শন করেন। পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।







