HomeBig newsভারত ছেড়ে ১৬ বছর! অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব পেলেন পলাতক ললিত মোদি
Lalit Modi

ভারত ছেড়ে ১৬ বছর! অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব পেলেন পলাতক ললিত মোদি

২০১০ সালে ভারত ছাড়ার ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আইপিএলের প্রতিষ্ঠাতা। অক্সফোর্ড ইউনিয়নে দাঁড়িয়ে ঘোষণা, ব্রিটেনই তাঁর ঘর।

ওয়েব ডেস্ক : ভারত ছেড়েছিলেন ২০১০ সালে। তারপর থেকে দীর্ঘ ১৬ বছর ব্রিটেনেই বসবাস করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদি (Lalit Modi)। এবার সেই ব্রিটেনেরই নাগরিকত্ব পেলেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে শনিবার, ১৪ নভেম্বর অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে ঘোষণা করেন ললিত। পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণের মুহূর্তটি উদযাপন করেছিলেন তিনি।

২০১০ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধ এবং আইপিএল পরিচালনায় অনিয়মের অভিযোগের পর দেশ ছেড়েছিলেন ললিত। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দরপত্র প্রক্রিয়ায় কারচুপি এবং বিদেশি মুদ্রা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। এই অভিযোগগুলির তদন্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দেশে ফেরানোর জন্যও আইনি প্রক্রিয়া চালানোর কথা বিভিন্ন সময়ে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

আরও খবর :  মায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত ২

তবে নিজেকে পলাতক বা অপরাধী হিসেবে বর্ণনা করতে বরাবরই আপত্তি জানিয়েছেন ললিত। তাঁর দাবি, কোনও অপরাধে তিনি দোষী সাব্যস্ত হননি। অতীতে এক সাক্ষাৎকারেও ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে পালিয়ে বেড়ানোর অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। ফলে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের ঘোষণা সামনে আসতেই তাঁর বিরুদ্ধে চলা তদন্ত ও প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অক্সফোর্ড ইউনিয়নে নিজের বক্তব্যে ব্রিটেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেছেন ললিত। জানিয়েছেন, বহু বছর ধরেই যুক্তরাজ্য তাঁর ঘর। সে দেশের মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে তাঁর। ব্রিটিশ নাগরিকত্বকে শুধু সম্মান বা অধিকার হিসেবে নয়, দায়িত্ব হিসেবেও দেখছেন বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে এই ঘোষণা করতে পেরে বিশেষভাবে আনন্দিত ললিত। পরিবার, বন্ধু এবং অক্সফোর্ড ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্তার শেষে ‘গড সেভ দ্য কিং’ লিখেছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News