ওয়েব ডেস্ক : এসসিও বৈঠকে যোগ (SCO meeting) দিতে ভারতে এসে একাধিক জায়গায় ঘোরার পরিকল্পনা ছিল পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিকের (Musadik Malik)। কিন্তু সেই পরিকল্পনায় সায় দিল না কেন্দ্র। তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। সূত্রের খবর, এসসিও বৈঠকের বাইরে অন্য কোনও কর্মসূচিতে তাঁকে অনুমতি দেয়নি ভারত সরকার। ফলে নির্ধারিত বৈঠকে যোগ দেওয়া ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছেন না পাকমন্ত্রী।
২০ থেকে ২২ নভেম্বর দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় আয়োজিত হচ্ছে প্রথম এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। সেই বৈঠকে যোগ দিতেই ভারতে এসেছেন মুসাদ্দিক। তবে তাঁর সফর ঘিরে শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতি কেন্দ্রের অবস্থানে কী পরিবর্তন এসেছে? সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে মুসাদ্দিকের আগের আক্রমণাত্মক মন্তব্যও তুলে ধরেছে বিরোধী শিবির।
আরও খবর : প্রয়াত যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী, বয়স হয়েছিল ৯১ বছর
২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারতে এলেন। ২৮ অক্টোবর ভারত জানিয়েছিল, প্রচলিত রীতি মেনেই এসসিও-র সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে মুসাদ্দিকের অংশগ্রহণের কথা নিশ্চিত করে পাকিস্তান সরকার। তাদের বক্তব্য, এসসিও-র কাঠামোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় রেখে বিভিন্ন সভ্যতার মধ্যে আলোচনা এবং জনসংযোগ বাড়াতে তারা আগ্রহী।
উল্লেখ্য, ২০০১ সালে রাশিয়া, চীন, কিরঘিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান স্থায়ী সদস্যপদ পায়। ২০২৩ সালে সদস্য হয় ইরান। ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও-র সরকারপ্রধানদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত মাসে পরবর্তী রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের প্রস্তুতিতে ইসলামাবাদে গিয়েছিলেন ভারতের এসসিও জাতীয় সমন্বয়কারী অলোক দিমরি।







