ওয়েব ডেস্ক : মাতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শুক্রবার ৯১ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার পঞ্চুর গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যোগী আদিত্যনাথের পরিবারে।
শনিবার হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকবার্তা জানিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লেখেন, মায়ের চলে যাওয়া জীবনের এমন এক অপূরণীয় ক্ষতি, যা কখনও পূরণ হওয়ার নয়। শোকের এই কঠিন সময়ে যোগী আদিত্যনাথ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আরও খবর : সিরাজের নামের কারণেই কি দলে জায়গা হয়নি? ভারতীয় ক্রিকেটে বাছাই ঘিরে কংগ্রেস-বিজেপি তরজা
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মায়ের স্নেহ, আশীর্বাদ এবং ভালোবাসা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাঁর চলে যাওয়া পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন পরিস্থিতি সামলে ওঠার শক্তি দেওয়ার প্রার্থনাও করেছেন ধামি।







