HomeScroll‘কমপ্রোমাইজড প্রধানমন্ত্রী কখনও এই টেবিলে বসতে পারেন না’, রাহুলের পোস্ট ঘিরে তুঙ্গে...
Rahul Gandhi

‘কমপ্রোমাইজড প্রধানমন্ত্রী কখনও এই টেবিলে বসতে পারেন না’, রাহুলের পোস্ট ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকের ছবি পোস্ট করে মোদিকে নিশানা রাহুলের। পাল্টা কংগ্রেস নেতাকে আক্রমণ বিজেপির, ‘ভারতকে বদনাম করার জন্য টাকা পান রাহুল’, কটাক্ষ গেরুয়া শিবিরের।

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অবস্থান নিয়ে ফের রাজনৈতিক সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একসঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর কটাক্ষ, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও ওই টেবিলে জায়গা পেতেন। একইসঙ্গে মোদিকে ‘কমপ্রোমাইজড প্রধানমন্ত্রী’ বলে আক্রমণ করেন তিনি। রাহুলের এই মন্তব্যের পরেই পাল্টা সরব হয়েছে বিজেপি।

এক্স হ্যান্ডলে ওই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “If Congress were in power, India’s Prime Minister would be sitting at this table. A compromised PM can never sit at this table।” অর্থাৎ, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও ওই বৈঠকে উপস্থিত থাকতেন। তাঁর বক্তব্য, আপসকামী প্রধানমন্ত্রী কখনও এমন আন্তর্জাতিক আলোচনার টেবিলে বসতে পারেন না। রাহুলের এই পোস্টকে কেন্দ্র করেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও খবর :  আকভানের আশঙ্কায় রেল পরিষেবায় কাটছাঁট, বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত-সহ একাধিক ট্রেন

কংগ্রেস নেতার মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপি নেতারা। বিজেপি মুখপাত্র তুহিন সিনহা কংগ্রেসের পূর্ববর্তী সরকারের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলেন। ইন্দিরা গান্ধীর আমলে শিমলা চুক্তি এবং মনমোহন সিংয়ের জমানায় শর্ম-আল-শেখ ঘোষণার প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে আপসের অভিযোগ করেন তিনি। তাঁর কটাক্ষ, “It seems Rahul Gandhi is paid to defame India।” অর্থাৎ, ভারতকে বদনাম করার জন্য রাহুল গান্ধী টাকা পান বলেও অভিযোগ করেন বিজেপি নেতা। অন্যদিকে বিজেপি মুখপাত্র আরপি সিংয়ের দাবি, আন্তর্জাতিক মঞ্চে ভারত সম্পর্কে নেতিবাচক প্রচার করছেন রাহুল। তাঁর বক্তব্য, বিশ্ব রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, এর আগেও আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে মন্তব্য করে বিজেপির নিশানায় এসেছিলেন রাহুল। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতকে বিশ্ব ভূ-রাজনীতিতে ‘সাইড প্লেয়ার’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, আন্তর্জাতিক আলোচনায় ভারতের প্রভাব কমছে। পাকিস্তান আমেরিকা ও ইরানের সঙ্গে আলোচনা চালালেও ভারত গুরুত্বপূর্ণ বৈশ্বিক কথোপকথনের বাইরে থেকে যাচ্ছে। সেই মন্তব্যের পর রাহুলকে ‘পাকিস্তান ফ্যানবয়’ বলে আক্রমণ করেছিল বিজেপি। এবার ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকের ছবি ঘিরে ফের মুখোমুখি কংগ্রেস ও বিজেপি।

[youtube-feed feed=1]
Read More

Latest News