ওয়েব ডেস্ক : মার্কিন ডলারের (US Dollar) দাপট কমতেই আন্তর্জাতিক মুদ্রাবাজারে শক্তি বাড়ল ভারতীয় টাকার (Indian Rupees)। শুক্রবার লেনদেনের শুরুতে ডলারের বিপরীতে টাকার দর পৌঁছে যায় ৯২.৯৯৫০-তে। গত ২০ এপ্রিলের পর এই প্রথম ৯৩-এর স্তরের নীচে নামল ভারতীয় মুদ্রা। আগের দিনের তুলনায় প্রায় ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে টাকার মূল্য।
টাকার এই উত্থানের পিছনে একাধিক কারণ উঠে আসছে। ভারতীয় শেয়ারবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (এফপিআই) নতুন করে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রফতানিকারীদের ডলার বিক্রিও টাকার দর বৃদ্ধিতে সহায়তা করেছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের সূচক দুর্বল হওয়ায় ভারতীয় মুদ্রার উপরেও ইতিবাচক প্রভাব পড়েছে।
আরও খবর : আকভানের আশঙ্কায় রেল পরিষেবায় কাটছাঁট, বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত-সহ একাধিক ট্রেন
শুক্রবার ভারতীয় সময় সকাল ৯টা ৩৭ মিনিটে ডলার সূচক ছিল ১০৩.৮৩। আগের তুলনায় ডলারের সূচকে দুর্বলতা এবং বিদেশি বিনিয়োগের প্রবাহ—এই দুইয়ের প্রভাবে মুদ্রাবাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে টাকা। ফলে সাত মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ভারতীয় মুদ্রা।







