HomeScrollআকভানের আশঙ্কায় রেল পরিষেবায় কাটছাঁট, বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত-সহ একাধিক ট্রেন
Cyclone Akvan: Several Trains to Puri Cancelled

আকভানের আশঙ্কায় রেল পরিষেবায় কাটছাঁট, বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত-সহ একাধিক ট্রেন

শুক্রবার ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস। যাত্রী নিরাপত্তায় দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, বদল হাওড়া-পুরী সুপারফাস্টের সময়েও।

ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) প্রভাব পড়তে শুরু করেছে রেল পরিষেবায়। ওড়িশা উপকূলে দুর্যোগের আশঙ্কায় পুরীগামী একাধিক ট্রেন (Train) বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। তালিকায় রয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি একটি হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রার সময়ও বদল করা হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে। ২০ নভেম্বর বাতিল করা হয়েছে হাওড়া-পুরী ও পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। একই দিনে চলবে না বাংরিপোসি-পুরী এবং পুরী-বাংরিপোসি এক্সপ্রেস। বাতিলের তালিকায় রয়েছে জলেশ্বর-পুরী মেমু, টাটানগর-বাদামপাহাড়-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসের দু’দিকের পরিষেবাও।

আরও খবর :  চিংড়িহাটার জট কাটতেই মেট্রো চালুর তোড়জোড়, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে বড় আর্জি শুভেন্দুর

শুধু ট্রেন বাতিল নয়, বদল হয়েছে যাত্রার সময়েও। ১৯ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি ছাড়বে ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সর্বশেষ অবস্থান ও সংশোধিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কার্যত পর্যটকশূন্য পুরী। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশে কড়া নজরদারি চালানো হচ্ছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। সৈকতের দোকানপাট বন্ধ। হোটেলগুলিতেও পর্যটকের সংখ্যা কমে গিয়েছে। যাঁরা ইতিমধ্যে পুরীতে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরী সফর এড়িয়ে চলতে বলা হয়েছে। ২১ নভেম্বর গুন্ডিচা মন্দিরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News