নদিয়া: গভীর রাতে মদ্যপ অবস্থায় এলাকায় ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। বাড়ির দরজায় লাথি মারা থেকে শুরু করে প্রতিবাদ করতে গেলে মারধর ও হুমকি—এমনই একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির এক নেত্রী। ধৃতের নাম প্রিয়া বিশ্বাস। তিনি কৃষ্ণগঞ্জ মণ্ডলের জেলা সদস্য বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ঘটনায় তাঁর সঙ্গে থাকা বাকিদের এখনও খোঁজ মেলেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত ইন্দিরা কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। রাত তখন আনুমানিক আড়াইটে। অভিযোগ, দুটি স্কুটিতে চেপে কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকায় প্রবেশ করেন প্রিয়া বিশ্বাস। এরপর একের পর এক বাড়ির সামনে গিয়ে দরজায় লাথি মারতে শুরু করেন তাঁরা। তাঁদের আচরণের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে প্রিয়া ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। সেখান থেকে প্রিয়া বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের একাংশ রানাঘাট থানায় গিয়ে বিক্ষোভ দেখান।
স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে নিজেকে প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরতেন ওই নেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজেপি নেত্রী পরিচয়ে প্রচার চালাতেন তিনি। তবে সেই রাজনৈতিক পরিচয়ের আড়ালে বেআইনি কাজকর্ম চলছিল বলে অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
গ্রেপ্তারের পর থানায় সাংবাদিকদের উপস্থিতিতে প্রিয়ার আচরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, সাংবাদিকদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করেন তিনি। পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও ঘটনার সময় সঙ্গে থাকা বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে ওঠা নানা অভিযোগের পাশাপাশি গোটা ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ। তদন্তের পরই স্পষ্ট হবে, রাতের এই গোলমালের নেপথ্যে ঠিক কী ঘটেছিল।







